Murder Case

ছাগল চুরি করে পিকনিক, তথ্য ফাঁস করে দেওয়ায় খুন! দোষী দু'ই যুবককে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ চুঁচুড়া আদালতের

তপনের মা রিতা মালিকের অভিযোগ, ওই দিন রাতে ঠাকুমার সাথে বাড়িতে ছিলেন তপন। সে সময় অভিযুক্তরা তাঁদের বাড়িতে চড়াও হয়। বাড়ি থেকে তপনকে তারা নিয়ে যায়। সেদিন রাতে তপন বাড়ি ফেরেনি। পরের দিন সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয় নন্দীর মাঠ এলাকা থেকে।

নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া
  • শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৬

পাঁচ বছর আগের খুনের ঘটনায় আদালতে দোষী সাব্যস্ত হল দুই যুবক। ছাগল চুরি করা নিয়ে বিবাদ। যার জেরে খুন হতে হয়েছিল তপনকে। ঘটনাটি চুঁচুড়া থানার অন্তর্গত নন্দীর মাঠ এলাকায় ঘটেছিল। সেই ঘটনারই দু'জন দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা ধার্য করল চুঁচুড়া আদালত। 

তারিখটা ছিল ১২ জুলাই ২০২১। ছাগল চুরি করে বন্ধুরা মিলে পিকনিক করেছিল। তা জানতে পেরে চুরির ঘটনার কথা ছাগলের মালিককে জানিয়ে দেয় তপন মালিক। এরপরই তপনকে রাস্তায় মারধর করে অনুপম দাস ও অরুন পাশোয়ান। এলাকার মানুষ তাদের হাত থেকে তপনকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয়। 

তপনের মা রিতা মালিকের অভিযোগ, ওই দিন রাতে ঠাকুমার সাথে বাড়িতে ছিলেন তপন। সে সময় অভিযুক্তরা তাঁদের বাড়িতে চড়াও হয়। বাড়ি থেকে তপনকে তারা নিয়ে যায়। সেদিন রাতে তপন বাড়ি ফেরেনি। পরের দিন সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয় নন্দীর মাঠ এলাকা থেকে। 

১৩ জুলাই ২০২১ তারিখে তপনের মা পুচি দাস, বিট্টু দাস, অনুপম দাস এবং অরুন দাস এই চার জনের নামে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন। চুঁচুড়া আদালতের সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলী জানান, চার জনের নামে অভিযোগ দায়ের হলেও তদন্ত শেষে তদন্তকারী অফিসার ৮ অক্টোবর ২০২১ তারিখে চার্জশিট জমা দেন। ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জন ঘটনার সাক্ষ্য দেন। 

চার জনের মধ্যে দুই জনের বিরুদ্ধে অভিযোগ প্রমান না হওয়ায় আদালত তাদের মামলা থেকে মুক্তি দেয়। বাকি দুই অভিযুক্ত অনুপম দাস ও অরুন পাশোয়ানকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারকে রিন্টু সুর দোষীদের যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকার জরিমানা ধার্য করেন। অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।


Share