Murder Case

মদের টাকার দাবিতে মাকে কুপিয়ে খুন, বাবাও গুরুতর জখম, পূর্ব বর্ধমানে চাঞ্চল্য

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর মধুপুর গ্রামে মদ্যপানের টাকার দাবিতে ছেলের হাতে খুন হলেন মা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাবা, তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত যুবককে আটক করেছে পূর্বস্থলী থানার পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান
  • শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৯

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার অন্তর্গত নিমদহ পঞ্চায়েতের মধুপুর গ্রামে এক পারিবারিক হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। মদ্যপানের জন্য টাকা না পেয়ে নিজের মাকেই কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁর বাবা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম নুরজাহান বিবি (৬০)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁর স্বামী কিসমত শেখ। অভিযুক্ত ছেলের নাম হাসিবুল শেখ। অভিযোগ, হাসিবুল প্রায় প্রতিদিনই মদ্যপানের জন্য বাড়িতে টাকা চাইতেন। সোমবারও তিনি মায়ের কাছে টাকা দাবি করেন। কিন্তু নুরজাহান টাকা দিতে অস্বীকার করায় বাড়ির মধ্যেই উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, এরপরই হাসিবুল ঘরের মধ্যে থাকা একটি বটি দিয়ে মায়ের উপর এলোপাথাড়ি হামলা চালান। গুরুতর জখম অবস্থায় নুরজাহান বিবি মাটিতে লুটিয়ে পড়েন। মাকে বাঁচাতে এগিয়ে এলে বাবা কিসমত শেখও অভিযুক্তের হামলার শিকার হন। তিনিও আহত হন।

চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে প্রথমে পূর্বস্থলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা নুরজাহান বিবিকে মৃত বলে ঘোষণা করেন। কিসমত শেখের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কালনা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে পূর্বস্থলী থানার পুলিশ পূর্বস্থলী থানার পুলিশ। অভিযুক্ত ছেলে হাসিবুল শেখকে আটক করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।


Share