Coal Scam

কয়লা পাচার মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার দু’জন, হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হবে আদালতে

ইডি সূত্রের খবর, কয়লা পাচারের সিন্ডিকেটের সঙ্গে এই দু’জনের সরাসরি যোগ থাকার প্রমাণ মিলেছে। তাই তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল বলে খবর।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৭

কয়লা পাচার মামলায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ধৃতদের নাম চিন্ময় মন্ডল এবং কিরণ খাঁ। ইডি সূত্রের খবর, ঝাড়খন্ড এবং আসানসোলে কয়লা পাচার চক্রের সঙ্গে তাঁরা জড়িত রয়েছেন।

কয়লা পাচারে আর্থিক লেনদেনের অভিযোগে গত সপ্তাহেই নয়টি ঠিকানায় তল্লাশি অভিযান চালায়। তাঁদের মধ্যে এরাও ছিলেন। এদের মধ্যে এক জনের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। এর পরেই দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি তলব করে। অভিযোগ, তাঁরা তদন্তে যথেষ্ট সহযোগিতা করেছেন না। তাঁদের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দু’জনকে ইডির বিশেষ আদালতে হাজির করানো হবে। তাঁদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে ইডি সুত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, কিরণ খাঁ কয়লা মাফিয়া জয়দেব খাঁয়ের ভাই। চিন্ময় মন্ডল এবং কিরণ খাঁ-এর সঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তির সম্পর্ক রয়েছে বলে অনুমান করছে তদন্তকারীরা। কয়লার পাশাপাশি চিন্ময় মন্ডল বালির ব‍্যবসাও করেন। ধৃতেরা দু’জনে সম্পর্কে মামা এবং ভাগ্নে। ইডি সূত্রের খবর, কয়লা পাচারের সিন্ডিকেটের সঙ্গে এই দু’জনের সরাসরি যোগ থাকার প্রমাণ মিলেছে। তাই তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল বলে খবর। লেনদেন সংক্রান্ত হোয়াটসঅ‍্যাপ মেসেজ তদন্তকারীদের কাছে এসেছে। তার ভিত্তিতেই তাদের ডাকা হয়েছিল। কিন্তু তাঁরা তদন্তে সহযোগিতা না করায় তাদের গ্রেফতার করা হয়েছে।


Share