TMC Party Office Set On Fire

গোঘাটের তৃণমূলের কার্যালয়ে আগুন! অভিযোগ বিজেপির দিকে, দায় অস্বীকার বিরোধী দলের

ঘটনার পর তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দ সরাসরি এই অগ্নিকাণ্ডের জন্য বিজেপিকেই দায়ী করেছে। তাঁদের অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা তৈরির লক্ষ্যেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।

তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন।
নিজস্ব সংবাদদাতা
  • শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৭

উত্তপ্ত হুগলির গোঘাট। রবিবার সেখানে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। গোঘাট থানার নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের কুলিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। 

ঘটনার পরে তৃণমূল নেতৃত্ব সরাসরি বিজেপিকেই দায়ী করেছে। তাঁদের অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা তৈরির লক্ষ্যেই পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। তৃণমূল নেতৃত্ব কড়া ভাষায় বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি নেত্রী দোলন দাস। তিনি স্পষ্ট ভাবে বলেন, “এটা বিজেপির সংস্কৃতি নয়। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে।” তাঁর দাবি, “বিজেপিকে অকারণে জড়ানো হচ্ছে।”

উল্লেখ্য, মাত্র দু’দিন আগেই কামারপুকুরের লাহাবাজার এলাকায় বিজেপির দলীয় পতাকা ও ব্যানার পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ৪৮ ঘণ্টার মধ্যে ফের শাসকদলের কার্যালয়ে আগুন লাগার ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে গোঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি। 

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সমগ্র পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন হুগলি গ্রামীণ পুলিশের এক কর্তা।


Share