Special Intensive Rivision

এসআইআর অবহে ডোমিসাইল সার্টিফিকেট-এর চাহিদা আকাশ ছোঁয়া, চোখ কপালে পুর কর্তাদের

পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, জমা পড়া আবেদনপত্রগুলি কলকাতা সেক্টরের কালেক্টর অফিসে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের মাধ্যমে নথি যাচাইয়ের পর এক জন ডব্লিউবিসিএস পর্যায়ের আধিকারিক শংসাপত্র অনুমোদন করছেন।

কলকাতা পুরসভা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৫

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া শুরু হতেই ডোমিসাইল সার্টিফিকেটের চাহিদা কার্যত আকাশছোঁয়া হয়েছে। গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে চলতি জানুয়ারি মাস জুড়ে কলকাতা পুরসভায় যে পরিমাণ নিবাসী শংসাপত্রের আবেদন জমা পড়েছে, তা নজিরবিহীন বলেই মনে করছেন পুর আধিকারিকেরা। পুরসভা সূত্রে খবর, নির্বাচন কমিশনের অধীনে চলা এসআইআর প্রক্রিয়ার আবহে কলকাতা পুরসভায় প্রায় সাড়ে ১৪ হাজারের বেশি নিবাসী শংসাপত্রের জন্য আবেদন জমা পড়েছে।

গত দেড় মাসে এই বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় রীতিমতো চোখ কপালে উঠেছে পুর কর্তাদের। জানা যাচ্ছে, ৩১ জানুয়ারি পর্যন্ত এই আবেদনগুলির বেশির ভাগই জমা পড়েছে। পুরসভা সূত্রে দাবি, সাধারণ সময়ে যেখানে মাসে গড়ে ২০০টিরও কম নিবাসী শংসাপত্রের আবেদন জমা পড়ে, সেখানে দেড় মাসে এই পরিমাণ আবেদন নজির সৃষ্টি করেছে। এসআইআর প্রক্রিয়ায় নাগরিকদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, সে জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কলকাতা পুরসভা-সহ রাজ্যের সমস্ত পুরসভা ও জেলা প্রশাসনকে বিশেষ নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অনুযায়ী কলকাতা পুরসভার সদর দফতর ও বিভিন্ন বরো অফিসে নিবাসী শংসাপত্রের আবেদন গ্রহণের জন্য আলাদা ডেস্ক খোলা হয়। এর ফলেই আবেদন গ্রহণের গতি বেড়েছে বলে মনে করা হচ্ছে।

পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, জমা পড়া আবেদনপত্রগুলি কলকাতা সেক্টরের কালেক্টর অফিসে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের মাধ্যমে নথি যাচাইয়ের পর এক জন ডব্লিউবিসিএস পর্যায়ের আধিকারিক শংসাপত্র অনুমোদন করছেন। বর্তমানে শুধুমাত্র এসআইআর সংক্রান্ত প্রয়োজনের জন্যই এই আবেদন গ্রহণ করা হচ্ছে বলেও পুরসভা সূত্রে জানানো হয়েছে।


Share