Murder

ত্রিকোণ প্রেমের সম্পর্ক থেকে খুন! দেহ পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে, অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি

সারা রাত খোঁজাখুঁজির পরও কোনও সন্ধান না মেলায় রবিবার পরিবারের সদস্যরা মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি ছিল, প্রতিবেশী ওই যুবকই তাকে অপহরণ করেছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মাটিগাড়া
  • শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৪

মাটিগাড়ার শিমুলতলা এলাকায় নিখোঁজ এক দশম শ্রেণির ছাত্রের দেহ উদ্ধার হয়েছে। সোমবার গভীর রাতে স্থানীয় একটি জঙ্গল থেকে পুলিশ তার দেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার সন্ধ্যা থেকেই ওই ছাত্রের খোঁজ মিলছিল না। অভিযোগ, সেদিন সন্ধ্যা ছ’টা নাগাদ বছর পঁচিশের এক প্রতিবেশী যুবক ফোন করে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত দশটার পর থেকেই ছাত্রটির মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। সারা রাত খোঁজাখুঁজির পরও কোনও সন্ধান না মেলায় রবিবার পরিবারের সদস্যরা মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি ছিল, প্রতিবেশী ওই যুবকই তাকে অপহরণ করেছে।

তদন্তে সামনে আসে ত্রিকোণ প্রেমের জটিলতার বিষয়টিও। নিখোঁজ ছাত্রের দাদার কথায়, এক তরুণীকে কেন্দ্র করে তাঁর ভাইয়ের সঙ্গে অভিযুক্ত যুবকের বিবাদ চলছিল। সেই আক্রোশ থেকেই অপহরণের ঘটনা ঘটতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক। তার মোবাইলের লোকেশন ধরে পুলিশ কোচবিহারের মাথাভাঙ্গা এলাকায় তল্লাশি চালালেও এখনও তাকে ধরা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য তার এক বন্ধুকে আটক করা হয়েছিল।

এর মধ্যেই ছাত্রের দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, অপহরণের পর তাকে খুন করে জঙ্গলে ফেলে দেওয়া হয়। মূল অভিযুক্তের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।


Share