Theft Arrest

দক্ষিণেশ্বরে পরপর ফ্ল্যাটে চুরি, সিসিটিভির সূত্রে গ্রেফতার শেখ ইকবাল, জালে গয়না ক্রেতাও

গত ২২ জানুয়ারি টি এন বিশ্বাস রোডের দু’টি আবাসনে এই চুরির ঘটনা ঘটে। এক আবাসনের বাসিন্দা সুষমা সানা থানায় অভিযোগ দায়ের করেন। তিনি বসিরহাটে থাকার সময় প্রতিবেশীদের কাছ থেকে চুরির খবর পান।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণেশ্বর
  • শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৩৫

দক্ষিণেশ্বর থানার এলাকায় পরপর দু’টি আবাসনে চুরির ঘটনায় তদন্তে নেমে বুধবার মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের নাম শেখ ইকবাল, বাড়ি মহেশতলা থানার আখড়া এলাকায়। চুরি করা সোনার গয়না কেনার অভিযোগে স্থানীয় বাসিন্দা জরিনা বিবিকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ চুরি হয়ে যাওয়া সোনার গয়নাও উদ্ধার করেছে।

গত ২২ জানুয়ারি টি এন বিশ্বাস রোডের দু’টি আবাসনে এই চুরির ঘটনা ঘটে। এক আবাসনের বাসিন্দা সুষমা সানা থানায় অভিযোগ দায়ের করেন। তিনি বসিরহাটে থাকার সময় প্রতিবেশীদের কাছ থেকে চুরির খবর পান। বাড়ি ফিরে দেখেন ফ্ল্যাটের দরজা ও আলমারির তালা ভাঙা, নগদ টাকা ও একাধিক সোনার গয়না উধাও।

দ্বিতীয় ঘটনাটি ঘটে আর কে দেব রোডের একটি আবাসনে। এক বৃদ্ধ সকালে ফ্ল্যাট বন্ধ করে বাইরে যান। দুপুর দেড়টা নাগাদ ফিরে এসে দেখেন ফ্ল্যাটের তালা ও আলমারি ভাঙা, নগদ টাকা ও সোনার কানের দুল চুরি হয়েছে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক যুবককে দু’টি আবাসনে যাতায়াত করতে দেখে। পরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ফুটেজেও তার ছবি মেলে। জানা যায়, সে টালিগঞ্জ পর্যন্ত টিকিট কেটেছিল। টালিগঞ্জ মেট্রোর ফুটেজ ও সোর্স মারফত পুলিশ জানতে পারে অভিযুক্তের বাড়ি মহেশতলা এলাকায়।

মহেশতলা থানার সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, শেখ ইকবালের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, সে সাধারণত অফিস টাইমে মেট্রো বা রেল স্টেশন সংলগ্ন আবাসনে ঢুকে তালাবন্ধ ফ্ল্যাট টার্গেট করত এবং অল্প সময়ের মধ্যেই চুরি সেরে পালাত। চোরাই গয়না বিক্রির জন্য জরিনা বিবির সঙ্গে তার যোগাযোগ ছিল। অভিযোগ, জরিনা বিভিন্ন সোনার দোকানে নিজের ব্যবহৃত গয়না বলে অল্প অল্প করে সেগুলি বিক্রি করত।


Share