Bullet Train

উত্তরবঙ্গে উন্নয়নের এক্সপ্রেস! শিলিগুড়ি-বারাণসী বুলেট ট্রেন প্রকল্পে তৎপর রেলমন্ত্রক

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মার জানিয়েছেন, ভবিষ্যতে এই করিডর গুয়াহাটি পর্যন্ত বাড়ানো হতে পারে। এতে পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম ও গোটা উত্তর-পূর্ব ভারতে শিল্প, বাণিজ্য এবং পর্যটনে বড়সড় গতি আসবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩০

সরকারি প্রকল্প মানেই লাল ফিতের জট আর ধীরগতি এই ধারণা বদলাতে এবার উদ্যোগী কেন্দ্র। লক্ষ্য যখন বুলেট ট্রেন, তখন কাজের গতিও হবে বুলেটের মতো দ্রুত। দেশের অন্য ছ’টি হাইস্পিড রেল করিডরের সঙ্গে তাল মিলিয়ে শিলিগুড়ি-বারাণসী বুলেট ট্রেন করিডরের কাজও দ্রুত শুরু করার প্রস্তুতি নিচ্ছে রেলমন্ত্রক। সোমবার রেল বোর্ডের উচ্চপর্যায়ের বৈঠক থেকে এমনই ইঙ্গিত মিলেছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মার জানিয়েছেন, ভবিষ্যতে এই করিডর গুয়াহাটি পর্যন্ত বাড়ানো হতে পারে। এতে পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম ও গোটা উত্তর-পূর্ব ভারতে শিল্প, বাণিজ্য এবং পর্যটনে বড়সড় গতি আসবে।

চলতি বছরেই মুম্বই-আহমেদাবাদ হাইস্পিড করিডরের প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার কথা। তবে একটি প্রকল্প শেষ হওয়ার অপেক্ষায় না থেকে রেলমন্ত্রক বাকি করিডরগুলির কাজ সমান্তরালভাবে এগিয়ে নিতে চাইছে। বৈঠকে ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেডকে দ্রুত ডিটেলড প্রোজেক্ট রিপোর্ট পুনর্বিবেচনা করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেলের এই সক্রিয় ভূমিকায় আশাবাদী উত্তরবঙ্গের মানুষ। বিশেষজ্ঞদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের বাণিজ্য ও পর্যটনে বড় পরিবর্তন দেখা যেতে পারে।

Share