Murder

ভ্যান রাখা নিয়ে বচসা, মধ্যমগ্রামে ইটভাটার শ্রমিক খুন; গ্রেফতার দুই সহকর্মী

রবিবার রাতে সহকর্মীদের সঙ্গে তর্কাতর্কি হাতাহাতিতে গড়ালে এই ঘটনা ঘটে। ঘটনায় মধ্যমগ্রাম থানা-র পুলিশ দুই শ্রমিককে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মধ্যমগ্রাম
  • শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৫

ভ্যান কোথায় রাখা হবে তা নিয়ে বচসা। আর তা থেকে ঝড়ল রক্ত। রবিবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থানার রোহন্ডা এলাকায় ইটভাটার এক শ্রমিককে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। মৃতের নাম সিন্টু রাজবংশী (২৩)। ঘটনায় ইতিমধ্যেই দুই সহকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোহন্ডা-চণ্ডীগড় পঞ্চায়েতের উত্তর জোজোরা এলাকায় একটি ইটভাটায় গত চার বছর ধরে একসঙ্গে কাজ করতেন নিহত ও অভিযুক্তেরা। তাঁদের সবারই বাড়ি বিহারের গয়া জেলায়। রবিবার ছিল শ্রমিকদের সাপ্তাহিক পারিশ্রমিক পাওয়ার দিন। শিবরাত্রি উপলক্ষে সন্ধ্যায় কয়েক জন শ্রমিক মদ্যপান করেন। অভিযোগ, এরপর ইটভাটার চত্বরে একটি ভ্যান রাখাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তা দ্রুত হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, সেই সময় রঞ্জিত মাঝি ও শঙ্কর রাজবংশী নামে দুই শ্রমিক সবজি কাটার ছুরি দিয়ে সিন্টুর পেটে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে। শঙ্কর রাজবংশী বর্তমানে জখম অবস্থায় পুলিশি প্রহরায় চিকিৎসাধীন।

ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে বলে জানিয়েছেন বারাসতের অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ইটভাটা ও আশপাশের এলাকায়। পুলিশ ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।


Share