Kolkata Municipal Corporation

‘বিজেপি কাউন্সিলরকে ওই শ্মশানেই নিয়ে যাওয়া হবে’, কাউন্সিলরের মন্তব্য ঘিরে উত্তেজনা কলকাতা পুরসভার অধিবেশন কক্ষ

শুক্রবার কলকাতা পুরসভার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ হয়েছে। তৃণমূল ও বিজেপি কাউন্সিলরেরা একে অপরের বিরুদ্ধে বিতর্কে জড়িয়ে পড়েন। সোমবার কাউন্সিলরদের অশান্তির জেরে বাজেটের দ্বিতীয় দিনের বাজেট অধিবেশন যথেষ্ট সরগরম হয়ে ওঠে।

বিতর্কে শোরগোল পুরসভার অধিবেশনে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪০

বিজেপির মহিলা কাউন্সিলরকে ওই শ্মশানের নিয়ে যাওয়া হবে! কলকাতা পুরসভার কাউন্সিলরের এমন মন্তব্যের পরে উত্তেজনা ছড়ায় পুরসভার অধিবেশন কক্ষে। যদিও তৃণমূল কাউন্সিলরের কথায়, সেখানে যে উন্নয়ন হয়েছে, তা দেখাতেই তিনি বিজেপির মহিলা কাউন্সিলরে নিয়ে চান। অন‍্যদিকে, বিজেপি কাউন্সিলরের দাবি তিনি এমন মন্তব্যে অপমানিত হয়েছেন।

গত শুক্রবার কলকাতা পুরসভার বাজেট পেশ করেছে। সোমবার সেই বাজেট নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার দ্বিতীয় দিনে উঠে এল ‘শ্মশান’ প্রসঙ্গ। সম্প্রতি কলকাতার সিরিটি শ্মশানের আধুনিকীকরণ করা হয়েছে। পুরসভার উদ্যোগে সেখানে বসেছে আধুনিক চুল্লি। এ দিন মেয়র পারিষদ তারক সিংহ বাজেট সম্পর্কে আলোচনা করতে গিয়ে জানান, সিরিটি শ্মশানকে নতুন ভাবে তৈরি করা হয়েছে। তৃণমূল কাউন্সিলরের দাবি অস্বীকার করে বিজেপির কাউন্সিলরেরা।

অভিযোগ, তখনই পিছন থেকে কটাক্ষ করেন বড়বাজার এলাকার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা। বিজেপির মহিলা কাউন্সিলর মীনাদেবী পুরোহিতকে উদ্দেশ্য করে করে তিনি বলেন, "মীনাদেবীকে ওই শ্মশানে নিয়ে যাওয়া হবে।" এরই প্রতিবাদ করেন ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। শুরু হয় হৈচৈ-হট্টগোল। অবশেষে, পুরসভার আরেক মেয়র পারিষদের সদস্য তথা তৃণমূল বিধায়ক দেবাশিষ কুমার মধ‍্যস্থা করেন। এমন মন্তব্যের নিন্দা করেছেন, পুরসভার চেয়ারপার্সন তথা কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়। তিনি জানান, এমন মন্তব্য করা ঠিক নয়।

তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা এমন মন্তব্যের কথা স্বীকার করেছেন। তাঁর কথায়, কেবলই ঠাট্টা করে এমন মন্তব্য করেছেন। শ্মশানটি ঘুরে দেখার জন্যই তিনি মিনাদেবী পুরোহিতকে নিয়ে যাবেন। এর পেছনে অন্য কোন অসৎ উদ্দেশ্য নেই বলেও জানান ওই তৃণমূল কাউন্সিলর। 

কিন্তু এ কথা মানতে নারাজ বিজেপি কাউন্সিলরেরা। মীনাদেবী পুরোহিত বলেন, “আমি ছ'বার কলকাতা পুরসভার কাউন্সিলর হয়েছি। এর আগে কখনও আমি এই ধরনের কোন মন্তব্যের মুখোমুখি হইনি। একজন নারী হিসেবে যথেষ্ট অপমানিত বোধ করেছি।”

সম্পূর্ণ বিষয়টি দু'পক্ষের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন পুরসভার তৃণমূলের মুখ্যসচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত। তিনিও এই ঘটনার নিন্দা করে বলেন, “এই ধরনের বক্তব্য যদি মহেশ শর্মা রেখে থাকেন তবে তা ঠিক নয়। আমি মহেশ শর্মা ও মীনাদেবী পুরোহিতের সঙ্গে কথা বলব। দু’পক্ষের মধ্যে মধ্যস্থতা করে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।”

শুক্রবার কলকাতা পুরসভার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ হয়েছে। তৃণমূল ও বিজেপি কাউন্সিলরেরা একে অপরের বিরুদ্ধে বিতর্কে জড়িয়ে পড়েন। সোমবার কাউন্সিলরদের অশান্তির জেরে বাজেটের দ্বিতীয় দিনের বাজেট অধিবেশন যথেষ্ট সরগরম হয়ে ওঠে।


Share