Accident

পশ্চিম মেদিনীপুরে পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনা, আহত তিন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, শেষমেশ পুলিশই পৌঁছে দিল কেন্দ্রে

খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় শালবনি থানার পুলিশ। জখম পড়ুয়াদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর পুলিশ তাঁদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শালবনি
  • শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৭

উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় কবলে পড়ল তিন পরীক্ষার্থী। মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির মানকুড়ি এলাকায় ঘটনাটি ঘটে। আহত তিন জনই খান্দিবাঁধ কোকিলমণি হাইস্কুলের ছাত্র। তাঁরা বাইকে করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন।

খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় শালবনি থানার পুলিশ। জখম পড়ুয়াদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর পুলিশ তাঁদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম মিঠুন সিং, শিবম বাগ ও উজ্জ্বল পাতর। সকাল সাড়ে ন’টা নাগাদ বাইকে করে পরীক্ষা দিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাইকটি উল্টে যায়। তিন জনই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে এগিয়ে এসে পুলিশে খবর দেন।

পরে পুলিশ তাঁদের হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর শিবম ও উজ্জ্বলকে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়। মিঠুনের আঘাত তুলনামূলক গুরুতর হওয়ায় প্রথমে হাসপাতাল থেকেই তাঁর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। পরে অবস্থার উন্নতি হলে তাকেও কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

এই প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ-এর জেলা মনিটরিং কমিটির যুগ্ম আহ্বায়ক রামজীবন মান্ডি বলেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। পড়ুয়াদের এ ভাবে বাইকে চেপে পরীক্ষা না দিতে আসাই উচিত। কপাল ভালো বড় দুর্ঘটনা ঘটেনি। সংসদের তরফে পুলিশকে সব রকমের সহযোগিতা করা হয়েছে।’


Share