Drowning

মুকুটমণিপুর জলাধারে মিলল পশ্চিম বর্ধমানের যুবকের দেহ, তদন্তে পুলিশ

জলাধারের পাড়ে সাইকেল ও মোবাইল পড়ে থাকতে দেখে তল্লাশি চালায় সিভিল ডিফেন্স ও পুলিশ। প্রায় দেড় ঘণ্টার অভিযানের পর লকগেট সংলগ্ন গভীর জল থেকে ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যার অনুমান করা হচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মুকুটমণিপুর
  • শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৬

রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হল মুকুটমণিপুর। সেখানেরই জলাধার থেকে উদ্ধার হল মৃতদেহ। মৃতের নাম বিশ্বজিত ঘোষ (৪০)। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে সিভিল ডিফেন্স কর্মীরা জলাধারের পাড়ে একটি সাইকেল ও একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখেন। মালিকের কোনও সন্ধান না মেলায় তাঁরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপর স্পিডবোট নামিয়ে জলাধারে তল্লাশি অভিযান শুরু হয়। পুলিশের পরামর্শে দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চলে।

তদন্তে জানা যায়, রবিবার দুপুরে দুর্গাপুরের অরবিন্দনগরের বাসিন্দা বিশ্বজিত সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করে। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে, তিনি বাঁকুড়ার মুকুটমণিপুর এলাকায় রয়েছেন। সোমবার সকালে জলাধারের ধারে পড়ে থাকা সাইকেল ও মোবাইল ফোন দেখে সন্দেহ জাগে। পরে সিভিল ডিফেন্স কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর জলাধারের লকগেট সংলগ্ন গভীর জল থেকে বিশ্বজিতের দেহ উদ্ধার করেন। উদ্ধার হওয়া দেহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

দেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি জলাধারে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। যদিও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারী আধিকারিকরা। ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারকে জানানো হয়েছে। সিভিল ডিফেন্স কর্মী অভয় পাত্র জানান, “পুলিশের তরফে খবর পাওয়ার পরই আমরা তল্লাশি শুরু করি। প্রায় দেড় ঘণ্টা অনুসন্ধানের পর লকগেটের সামনে দেহটি উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তী তদন্ত পুলিশ করছে।”


Share