Special Intensive Rivision

নির্ধারিত সময়ের মধ্যে আপলোড করা গেল না এসআইআরের নথি! অনিশ্চয়তার মধ্যে লক্ষাধিক ভোটার

নিয়ম অনুযায়ী শুনানি শেষ হওয়ার পরই প্রয়োজনীয় নথি অনলাইনে আপলোড করার কথা। কিন্তু সোমবার রাত থেকে নির্বাচন কমিশনের সার্ভার ও সিস্টেমে বারবার ত্রুটি দেখা দিচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৪০

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার একেবারে শেষ পর্যায়ে এসে বড় বিতর্কের সৃষ্টি হয়েছে। ১৪ ফেব্রুয়ারি মধ্যরাতে শুনানি পর্ব মিটতেই কয়েক লক্ষ ভোটারের নথি আপলোড নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কমিশন সূত্রের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে প্রায় এক লক্ষের বেশি আবেদনকারীর নথি সিস্টেমে তোলা যায়নি।

নিয়ম অনুযায়ী শুনানি শেষ হওয়ার পরই প্রয়োজনীয় নথি অনলাইনে আপলোড করার কথা। কিন্তু সোমবার রাত থেকে ভারতের নির্বাচন কমিশনের সার্ভার ও সিস্টেমে বারবার ত্রুটি দেখা দিচ্ছে। মঙ্গলবার সকালেও সিস্টেম ডাউন থাকায় ‘ফাইনাল ডিসপোজাল’ বা চূড়ান্ত নিস্পতির কাজ কার্যত থেমে যায়। এতে জেলাশাসকদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ নাম বাদ গেলে শেষ পর্যন্ত সাধারণ ভোটারদের কাছে তাঁদেরই জবাবদিহি করতে হয়।

পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে কমিশন। কতজন ভোটারের তথ্য বাদ পড়েছে এবং এর জন্য সময়ের অভাব নাকি প্রশাসনিক গাফিলতি দায়ী তা খতিয়ে দেখা হচ্ছে। জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, বড় জেলাগুলিতে বাদ পড়া নথির সংখ্যা পাঁচ হাজারেরও বেশি, কোথাও আবার তা সংখ্যায় প্রায় পাঁচশো।

কমিশন সূত্রে আরও জানা যাচ্ছে, নির্দিষ্ট কিছু এলাকা চিহ্নিত করা হয়েছে। সেই এলাকাগুলিতে নাম নথিভুক্ত করার সময় কমিশন তাঁদের সিস্টেমে নিবিড় ভাবে যাচাই করছে। সেক্ষেত্রে নেওয়া হচ্ছে অতিরিক্ত সতর্কতাও। কেনও ভাবে অবৈধ ভোটারের নাম যাতে তালিকায় না উঠে যায় তার জন‍্যই এই ব্যবস্থা করা হচ্ছে বলে কমিশনের ওই সূত্র দাবি করেছে। আবার কোনও বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় সেই দিকেও কড়া নজর রেখেছে নির্বাচন কমিশন।

বর্তমানে বিএলও ও ডিইওদের কাছ থেকে তথ্য সংগ্রহ চলছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে এই এক লক্ষ নথি আপলোড না হলে তালিকার নির্ভুলতা ও স্বচ্ছতা নিয়ে বড় আইনি ও রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা থাকছে।


Share