Mysterious Death

এডুকেশন পরীক্ষার আগে রাতভর পড়াশোনা, সকালে ঝুলন্ত দেহ উদ্ধার, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যু মালদহে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাত্রীর বাড়ি মালদহ জেলার মানিকচকের বাকিপুর এলাকায়। তিনি এনায়েতপুর হাই স্কুল-এর ছাত্রী ছিলেন। খবর পেয়ে মঙ্গলবার সকালেই এনায়তপুর থানার পুলিশ বাড়িতে পৌঁছোয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৮

মঙ্গলবার ছিল এডুকেশন পরীক্ষা। তার আগের রাতে রাত দু’টো পর্যন্ত আলো জ্বালিয়ে পড়াশোনা করছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রিয়া মণ্ডল। পরিবারের সদস‍্যেরা তাঁকে বিরক্ত করেননি। ১৭ ফেব্রুয়ারি সকালে বাড়ির বারান্দা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঠিক কী পরিস্থিতিতে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাত্রীর বাড়ি মালদহ জেলার মানিকচকের বাকিপুর এলাকায়। তিনি এনায়েতপুর হাই স্কুলের ছাত্রী ছিলেন। খবর পেয়ে মঙ্গলবার সকালেই এনায়তপুর থানার পুলিশ বাড়িতে পৌঁছোয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবেশীদের দাবি, এক প্রতিবেশী যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সেই সম্পর্কে টানাপড়েনের জেরেই কি তিনি আত্মঘাতী হয়েছেন, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। মৃতার বাবা শঙ্কর মণ্ডল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ তুললেও এখনও লিখিত অভিযোগ দায়ের করেননি। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।


Share