Allegation of Beaten Up

বরাহনগরের ব‍্যবসায়ীকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে, পাল্টা প্রতারণার অভিযোগ শাসকদলের নেতার

বরাহনগর থানার পুলিশ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। তা খতিয়ে দেখে দু’জনকে গ্রেফতার করা হলেও বাকিরা এখনও অধরা। তাঁদের আজ ব‍্যারাকপুর আদালতে হাজির করানো হয়েছে। ঘটনায় কাউকে রেয়াত করা হবে না বলে জানিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

মারধরের অভিযোগ তৃণমূল নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে।
নিজস্ব সংবাদদাতা, বরাহনগর
  • শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৪

বরাহনগরে ব‍্যাবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতা এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ব‍্যবসায়ীর দাবি, বরাহনগরের আইএনটিটিউসি-র সভাপতি শঙ্কর রাউত এবং তাঁর অনুগামীরা তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেছে। ঘটনায় একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনায় দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে।

ধৃতের নাম রাহুল যাদব ওরফে বগা এবং আয়ুষ কুন্ডু। আক্রান্ত ব‍্যবসায়ীর নাম সুদীপ্ত ঘোষ। তিনি পেশায় ইন্টিরিয়র ডিজাইনার। অভিযোগ, বরাহনগরের আইএনটিটিউসি-র সভাপতি শঙ্কর রাউত তাঁর কাছ থেকে ১ লক্ষ টাকা তোলা চেয়েছিল। তা দিতে তিনি অস্বীকার করেছিলেন। তাই তাঁর বাড়িতে তিনি দলবল পাঠান। এর পরে তাঁকে টেনেহিঁচড়ে বাড়ি থেকে বার করে নিয়ে যায়। বরাহনগর যুবক সংঘ ক্লাবে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তৃণমূল নেতা শঙ্কর রাউত বসেছিলেন। সেখানে তাঁকে মারধর করা হয়েছে। এমনকী, রিভলভারের বাট দিয়েও আঘাত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ব‍্যবসায়ী সুদীপ্ত।

ঘটনায় একটি সিসি ক্যামেরার ফুটেজ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার পর থেকেই বিড়ম্বনায় পড়েছে শাসকদল। যদিও তৃণমূল নেতা শঙ্কর রাউত তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা সুদীপ্তের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন। তৃণমূল নেতা শঙ্করের অভিযোগ, বারাসতের এক আইনজীবী দম্পতি সুদীপ্ত ঘোষকে কাজ করতে বলেছিলেন। কিন্তু দম্পতির অভিযোগ, টাকা নিয়ে কাজ করেননি সুদীপ্ত। এমনকী, কাজ করতে বলায় শঙ্কর রাউতের নাম করেন সুদীপ্ত। তার পরেই নাকি ওই আইজীবী দম্পতি শঙ্করকে জানান। আলোচনার জন‍্য তাঁকে ডাকা হয়েছিল। তাঁকে মারধর করা হয়নি বলেও দাবি করেছেন তৃণমূল নেতা শঙ্কর রাউত।

বরাহনগর থানার পুলিশ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। তা খতিয়ে দেখে দু’জনকে গ্রেফতার করা হলেও বাকিরা এখনও অধরা। তাঁদের আজ ব‍্যারাকপুর আদালতে হাজির করানো হয়েছে। ঘটনায় কাউকে রেয়াত করা হবে না বলে জানিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।


Share