Fire Incident

গাইঘাটায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ৪০টি বাইক সহ শো-রুম

আগুনে প্রায় ৪০টি নতুন বাইক ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে অনুমান। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

আগুনে ভস্মীভূত বাইক
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা
  • শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৬

অগ্নিকান্ডে পুড়ে চাই বাইকের শো-রুম। উত্তর ২৪ পরগনার গাইঘাটা বাজার সংলগ্ন যশোর রোডে শুক্রবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনে অন্তত ৪০টি নতুন বাইক সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারাই ভোররাতে প্রথম শো-রুম থেকে ধোঁয়া ও আগুনের শিখা বেরোতে দেখেন। মুহূর্তের মধ্যেই আগুন গোটা শো-রুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শো-রুমের মালিক কাঞ্চন দাস ঘটনাস্থলে পৌঁছোন। পাশাপাশি থানায় ও দমকলে খবর দেওয়া হয়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।

দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। পরে আরও একটি ইঞ্জিন আনা হয়। শুক্রবার বেলা পর্যন্তও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গিয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, আগুন নেভানোর কাজে পুলিশের তৎপরতা যথেষ্ট অভাব ছিল।

শো-রুমের মালিক কাঞ্চন দাস জানান, প্রায় ৪০টি নতুন বাইক মজুত ছিল। অগ্নিকাণ্ডে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হল, তা নিয়ে তিনি তদন্তের দাবি জানিয়েছেন। যদিও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। আগুন লাগার সঠিক কারণ এখনও অজানা। দমকল সূত্রে খবর, আগুন সম্পূর্ণ নিভে গেলে বিস্তারিত তদন্ত শুরু হবে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।


Share