Drugs Recovery

বিস্কুটের প্যাকেটে লুকিয়ে মাদকপাচারের ছক, বারুইপুরে ৩১৫ কেজি গাঁজা সমেত ধৃত দু’জন

আকনা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ভ্যান থেকে বিপুল মাদক উদ্ধার করা হয়। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৭

বারুইপুরে পুলিশের তৎপরতায় বড়সড় মাদক পাচারের ছক ভেস্তে গেল। অভিযোগ, বিস্কুটের প্যাকেটের আড়ালে বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে বারুইপুর থানার পুলিশ মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের আকনা এলাকায় হানা দেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধূলাগড় থেকে একটি ক্যারিয়ার ভ্যানে করে গাঁজা নিয়ে আসা হচ্ছিল। সন্দেহভাজন ভ্যানটিকে আটক করে তল্লাশি চালাতেই বিস্কুটের কার্টনের আড়ালে প্রায় ৩১৫ কেজি গাঁজা উদ্ধার হয়। বারুইপুর থানার আইসি অর্ধেন্দুশেখর দে সরকারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

ঘটনায় অনিকেত নস্কর ও আসিফ আলম মোল্লা নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের আলিপুর বিশেষ আদালতে তোলা হলে বিচারক তাঁদের দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। গোটা চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।


Share