Suicide Attempt

প্রথম তালিকায় নাম, পরে বাদ! ক্ষোভে চরম পদক্ষেপ গৃহবধূর, তদন্তে প্রশাসন

তাঁর অভিযোগ, আবাস যোজনার প্রথম তালিকায় নাম থাকলেও পরবর্তী তালিকা থেকে তা বাদ দেওয়া হয়। এই বিষয়ে অভিযোগ জানাতে গিয়েই আচমকা ব্লক অফিসের ভিতরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল
নিজস্ব সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর
  • শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩২

জানুয়ারি মাস থেকে ‘বাংলা আবাস যোজনা’র উপভোক্তাদের এক দফা আর্থিক সহায়তা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার। তার মধ্যেই আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা করলেন এক গৃহবধূ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহে।

মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর এলাকার বাসিন্দা শুকতারা বিবি (৪৫) সোমবার বিকেল প্রায় তিনটে নাগাদ চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক অফিসে যান। তাঁর অভিযোগ, আবাস যোজনার প্রথম তালিকায় নাম থাকলেও পরবর্তী তালিকা থেকে তা বাদ দেওয়া হয়। এই বিষয়ে অভিযোগ জানাতে গিয়েই আচমকা ব্লক অফিসের ভিতরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়াঙদী লামা নিজে উদ্যোগ নিয়ে গাড়িতে করে তাঁকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে ওই মহিলার নামে একটি পাকা ঘর থাকার তথ্য মিলেছে। তা সত্ত্বেও কেন তিনি আবাস যোজনায় বাড়ির জন্য আবেদন করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনা প্রসঙ্গে জেলাশাসক প্রীতি গোয়েল বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই মহিলার নামের নিজস্ব পাকা ঘর রয়েছে। তার পরেও এ দিন উনি ব্লক অফিসে এসে এমন ঘটনা ঘটিয়েছেন। এটা কাম্য নয়। তবে প্রশাসন ওই মহিলার পরিবারের পাশে রয়েছে। পাশাপাশি দেখা হচ্ছে কতটা কিভাবে সাহায্য করা যায়।’


Share