Molestation

দক্ষিণ দিনাজপুরের হিলিতে গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ

তিনি জানিয়েছেন যে প্রতিবেশী গ্রামের এক যুবক গত কয়েক মাস ধরে রাস্তায় পথ আটকে তাঁকে কুপ্রস্তাব দিত। তিনি রাজি না হওয়ায় ওই যুবক তাঁর স্বামীকে বিদ্যুতের তার ব্যবহার করে খুনের চেষ্টাও করেছিল বলে অভিযোগ। পরিবারের সদস্যরা বিষয়টি টের পাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো যায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হিলি
  • শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২৪

দক্ষিণ দিনাজপুরে এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দেওয়া, শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি এলাকায়।

অভিযোগকারী মহিলা বিনশিরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তিনি জানিয়েছেন যে প্রতিবেশী গ্রামের এক যুবক গত কয়েক মাস ধরে রাস্তায় পথ আটকে তাঁকে কুপ্রস্তাব দিত। তিনি রাজি না হওয়ায় ওই যুবক তাঁর স্বামীকে বিদ্যুতের তার ব্যবহার করে খুনের চেষ্টাও করেছিল বলে অভিযোগ। পরিবারের সদস্যরা বিষয়টি টের পাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো যায়।

মহিলার দাবি, গত শনিবার শ্রমিকের কাজে যাওয়ার পথে অভিযুক্ত যুবক আবারও পথ আটকে তাঁর শ্লীলতাহানি ও মারধর করে। এমনকি জোর করে ঘর সংসার করার প্রস্তাব দিয়ে তাঁকে জড়িয়ে ধরারও অভিযোগ উঠেছে। বাধা দিলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

এ বিষয়ে গ্রাম্য প্রতিবেশীদের একাধিকবার জানানো হলেও সমাধান হয়নি বলে অভিযোগকারীর দাবি। উল্টে থানায় অভিযোগ করলে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।

রবিবার স্থানীয়দের পরামর্শে তিনি হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে মামলা রুজু হয়েছে এবং শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বর্তমানে শারীরিকভাবে অসুস্থ ওই মহিলা হিলি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।


Share