Hanging Body Recovered

দ্বিতীয় পত্রের পরীক্ষার আগে ঝুলন্ত দেহ উদ্ধার, বসিরহাটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যু

পরীক্ষার দিন সকালেই বাড়ি থেকে উদ্ধার হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঈশিতা চক্রবর্তীর (১৮) ঝুলন্ত দেহ। প্রাথমিকভাবে আত্মহত্যার আশঙ্কা করছে পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা
  • শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৬

উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পত্রের পরীক্ষার দিন সকালেই দুর্ঘটনা। উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার বাগুন্ডী গ্রামে বাড়ি থেকে এক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতার নাম ঈশিতা চক্রবর্তী (১৮)। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ঈশিতা প্রথম পত্রের পরীক্ষা দিয়েছিলেন। শুক্রবার ছিল দ্বিতীয় পত্রের পরীক্ষা। সকালে বাবা-মা ঘুম থেকে উঠে লক্ষ্য করেন, দীর্ঘ সময় কেটে গেলেও মেয়ে ঘর থেকে বেরোচ্ছে না। ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে তাঁরা দরজায় ধাক্কা দেন। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। কোনওক্রমে দরজা খুলতেই পরিবারের সদস্যরা তাঁকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। শুরু হয় চিৎকার ও কান্না।

খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে কী কারণে এমন সিদ্ধান্ত, তা স্পষ্ট নয়। পরিবারও ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। মৃতার বাবা সঞ্জয় চক্রবর্তী জানান, বৃহস্পতিবার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর মেয়ের আচরণে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করেননি। হঠাৎ কী কারণে এমন ঘটনা ঘটল, তা তাঁদের কাছে রহস্যই রয়ে গিয়েছে।

পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় স্তব্ধ বাগুন্ডী গ্রাম।


Share