Road Accident

নিউ টাউনে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা, উল্টে গেল গাড়ি, জখম তিন জন

ঘটনায় এক মহিলা-সহ তিন জন আহত হন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, নিউ টাউন
  • শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৬

নিউ টাউনে ফের পথদুর্ঘটনার ঘটনা। শনিবার সকালে ইকোপার্ক সংলগ্ন ওয়েস্ট ইন হোটেলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি উল্টে যায়। ঘটনায় এক মহিলা-সহ মোট তিন জন জখম হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে দ্রুতগতিতে আসা গাড়িটি প্রথমে রাস্তার ধারে থাকা একটি বাসস্টপের গুমটিতে ধাক্কা মারে। সেই ধাক্কার পরও গাড়িটি থামেনি। নিয়ন্ত্রণহীন অবস্থায় তা ইকো পার্কের এক নম্বর গেটের দিক দিয়ে এগিয়ে যায়। পরবর্তী সিগন্যালে ডিভাইডারে সজোরে আঘাত করে। আঘাতের জেরে গাড়িটি উল্টে যায়। তারপর রাস্তার উপরেই পড়ে থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় ইকো পার্ক থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভিতর থেকে তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির চালক ও দুই আরোহীর মধ্যে এক জন মদ্যপ ছিলেন। তিনিই স্টিয়ারিংয়ে ছিলেন বলে জানা গিয়েছে। মদ্যপানের কারণেই গাড়ির উপর নিয়ন্ত্রণ হারানো হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, দুর্ঘটনার সময় গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। তবে ঠিক কত গতিতে গাড়িটি চলছিল, কী পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটল, পুলিশ তা খতিয়ে দেখছে। ইতিমধ্যে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে শনিবার সকালে ওই এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


Share