Amit Shah

আগামীকাল রাজ‍্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যাবেন মায়াপুরের ইস্কন মন্দিরে, সফরে নেই কোনও রাজনৈতিক কর্মসূচী

রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধর্মীয় অনুষ্ঠানে যোগ তিনি যোগ দেবেন। কোনও রাজনৈতিক কর্মসূচী এ বারের থাকছে না বলেই জানা গিয়েছে।

অমিত শাহ
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৫৪

আসছে মাসেই ঘোষণা হতে চলেছে রাজ‍্যের বিধানসভা নির্বাচন। এরই মধ্যে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের এ বারের সফরে আপাতত কোনও রাজনৈতিক কর্মসূচী নেই। নদিয়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

বিজেপি সূত্রের খবর, আগামীকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছোবেন। সেখান থেকে সীমান্তরক্ষী বাহিনীর কপ্টারে চেপে নদিয়ার মায়াপুরে যাবেন। সেখানে ২টো ২৫ মিনিট নাগাদ সেখানে পৌঁছোবেন। আড়াইটে নাগাদ মায়াপুরের ইস্কনে যাবেন। সেখানে পুজো রয়েছে। সেই পুজোতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগ দেবেন। সেখানে ঘন্টাখানেক থাকার কথা রয়েছে। তার পরে সেখান থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দরে আসবেন। সাড়ে ৫টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি ফিরে যাবেন।

এর আগে বেশ কয়েক বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসেছেন। দেড় থেকে দু’দিন ধরে থেকেছেন। বিজেপির রাজ‍্য নেতৃত্ব এবং পর্যবেক্ষকদের সঙ্গে নিয়ে একাধিক সাংগঠনিক বৈঠক করেছেন। তবে এ বারে তাঁর কর্মসূচীতে রাজনৈতিক কোনও সভা বা বৈঠক নেই। মনে করা হচ্ছিল, ইস্কন মন্দিরে পুজো দেওয়ার পরে কোনও রাজনৈতিক কর্মসূচীতে যোগ দেবেন। গতকাল বিজেপির তরফে শাহের কর্মসূচী প্রকাশ করা হয়েছে। তাতে সেই জল্পনায় ইতি পড়েছে।

উল্লেখ্য, গতকালই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি যান। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বেশ কিছু ক্ষণ বৈঠক করেন। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সে নিজের সমাজমাধ্যম নিজেই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


Share