Death

বিয়ের অনুষ্ঠানের আগেই বিপত্তি! মৃত জেঠিমার দেহ ফ্রিজারে সংরক্ষণ করে বিয়ে সারলেন বর, শোরগোল দাসপুরে

কিন্তু দেহ ফ্রিজারে রেখে বিয়ের অনুষ্ঠান করার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। পরিবারের সদস্যদের বক্তব্য, গভীর শোকের মধ্যেও পরিস্থিতির চাপে বিয়ের আয়োজন চালিয়ে যেতে হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দাসপুর
  • শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৩

সোমবার ছিল হবু বরের আইবুড়ো ভাত। আনন্দে মেতেছিল গোটা পরিবার। কিন্তু অনুষ্ঠান শেষে বাড়ি ফিরতেই নেমে আসে বিপত্তি। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বরের জেঠিমা রিতা আলু (৬০)। পরে তাঁর দেহ পাড়ার একটি ক্লাবের ফ্রিজারে রেখে নির্ধারিত সময়েই বর সৌরেন আলু বিয়ে সম্পন্ন করেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।

ঘাটাল মহকুমার দাসপুরের চাঁইপাট বেলডাঙা গ্রামের বাসিন্দা সৌরেন। তাঁর জেঠিমা পাশের বাড়িতেই থাকতেন। আকস্মিক মৃত্যুর ঘটনায় বিয়ের আনন্দে ছেদ পড়ে। রিতার ছয় মেয়ে থাকলেও তাঁদের সকলের বিয়ে হয়ে গিয়েছে এবং তাঁরা দূরে থাকেন। পরিবারের দাবি, মেয়েরা শেষকৃত্যে উপস্থিত না হওয়া পর্যন্ত দাহ না করার অনুরোধ জানান। তাই সময়ের প্রয়োজনেই ক্লাব কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেহ ফ্রিজারে সংরক্ষণের ব্যবস্থা করা হয়।

কিন্তু দেহ ফ্রিজারে রেখে বিয়ের অনুষ্ঠান করার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। পরিবারের সদস্যদের বক্তব্য, গভীর শোকের মধ্যেও পরিস্থিতির চাপে বিয়ের আয়োজন চালিয়ে যেতে হয়েছে। বরের বৌদি সরস্বতী আলু বলেন, কাকিমার মৃত্যুতে তাঁদের খুব কষ্ট হয়েছে, তবে মেয়েরা না আসা পর্যন্ত দাহ না করার অনুরোধ করায় দেহ সংরক্ষণের ব্যবস্থা করা হয়।

এ ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্লাব কর্তৃপক্ষ দেহ দ্রুত সরিয়ে নেওয়ার কথাও জানায়।


Share