Balochistan

বালোচিস্তান নিয়ে নাজেহাল পাকিস্তান! বিদ্রোহীদের ওপর লাগাম টানতে প্রতিবন্ধকতার কথা স্বীকার পাক প্রতিরক্ষামন্ত্রীর

বিএলএ বালোচিস্তানের ১২টি জায়গায় হামলা চালানোর পর নিরাপত্তাবাহিনীর ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছে ৩১ জন নাগরিক। এর পর গত শনিবার থেকে বালোচ বিদ্রোহীদের বিরুদ্ধে ধারাবাহিক দমনপীড়ন চালাচ্ছে পাক সেনা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
দিল্লি
  • শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩২

বিদ্রোহের আগুন জ্বলছে পাক অধিকৃত বালোচিস্তানে। সেই বিদ্রোহে রাশ টানতে নাজেহাল পাকিস্তান।সেখানে দমনপীড়ন চালিয়েও বালোচ বিদ্রোহীদের এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি ইসলামাবাদ। এই পরিস্থিতিতে পাক সেনাবাহিনীর ‘প্রতিবন্ধকতার’ কথা স্বীকার করে নিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। কী কারণে বালোচদের বিদ্রোহে লাগাম পরানো যাচ্ছে না, মঙ্গলবার পাকিস্তানের আইনসভায় তা ব্যাখ্যা করেছেন খোয়াজা আসিফ।

পাকিস্তানের আইনসভার নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, “ভৌগোলিক ভাবে বালোচিস্তান পাকিস্তানের ৪০ শতাংশ স্থান জুড়ে রয়েছে। এটাকে নিয়ন্ত্রণ করা একটা জনবহুল শহরকে নিয়ন্ত্রণ করার চেয়ে অনেক বেশি কঠিন। আমাদের সেনারা সেখানে রয়েছে এবং তারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ করছে। কিন্তু তারা এত বড় একটা এলাকা পাহারা দেওয়ার ক্ষেত্রে শারীরিক ভাবে প্রতিবন্ধী।”

প্রসঙ্গত, বালোচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ হলেও এখানকার জনসংখ্যা অন্য প্রদেশগুলির তুলনায় অনেক কম। এমনিতেই পাকিস্তানের আর্থিক বৃদ্ধি তলানিতে। তার মধ্যে বালোচিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ। আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞদের মতে, বালোচিস্তানে উন্নয়নমূলক কাজ করতে ব্যর্থ হয়েছে ইসলামাবাদ।

গত কয়েক দিনে বিভিন্ন সময়ে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের বালোচিস্তান। এই প্রদেশের বিভিন্ন স্কুল, ব্যাঙ্ক এবং সামরিক ভাবে গুরুত্বপূর্ণ এলাকায় হামলার অভিযোগ উঠেছে। গত সপ্তাহে এমন ১২টি জায়গায় হামলার অভিযোগ ওঠে। বালোচ বিদ্রোহী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ এই হামলার দায় স্বীকার করেছে। এই প্রদেশে ঘাঁটি রয়েছে আর এক বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এরও।

ইসলামাবাদের দাবি, বিএলএ বালোচিস্তানের ১২টি জায়গায় হামলা চালানোর পর নিরাপত্তাবাহিনীর ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছে ৩১ জন নাগরিক। এর পর গত শনিবার থেকে বালোচ বিদ্রোহীদের বিরুদ্ধে ধারাবাহিক দমনপীড়ন চালাচ্ছে পাক সেনা। রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই অভিযানে ১৪৫ জন বালোচ বিদ্রোহীর মৃত্যুর খবর মিলেছিল। সোমবার তা বৃদ্ধি পেয়ে ১৭৭ বলে জানানো হয়েছে। সেখানে সামরিক অভিযান চললেও বালোচিস্তানে পাক সেনার যে সীমাবদ্ধতা এবং প্রতিবন্ধকতা রয়েছে বলে তা কার্যত স্বীকার করে নিয়েছে ইসলামাবাদ।


Share