Morter Cell Recovered

নদীর বুকে লুকিয়ে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছায়া! বাঁকুড়ায় একসঙ্গে উদ্ধার তিন মর্টার শেল

বাঁকুড়ার সোনামুখী থানার রাঙামাটি ফেরিঘাট এলাকায় বালি তোলার সময় নদী থেকে একসঙ্গে তিনটি বিশালাকার ধাতব মর্টার শেল উদ্ধার হয়েছে। খবর পেয়ে পুলিশ ও বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে শেলগুলিকে বালির বস্তা দিয়ে ঘিরে রাখে এবং গোটা এলাকায় কড়া নজরদারি শুরু হয়।

মর্টার সেল
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া
  • শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৪১

যুদ্ধের ইতিহাসের সাক্ষী উঠে এলো বাঁকুড়ায়। সোনামুখী থানার ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঙামাটি ফেরিঘাট এলাকায় বালি তোলার কাজ চলাকালীন এক ঘটনা সামনে এসেছে। পে-লোডার দিয়ে নদী থেকে বালি তোলার সময় একের পর এক তিনটি বিশাল আকারের ধাতব শেল উঠে আসে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

খবর পেয়ে দ্রুত সোনামুখী থানার পুলিশ ও বম্ব স্কোয়াডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছোয়। সম্ভাব্য বিস্ফোরণের আশঙ্কায় কোনও ঝুঁকি নেওয়া হয়নি। তাই শেলগুলিকে নদীর চরে বালির বস্তা দিয়ে ঘিরে রাখা হয়। পাশাপাশি গোটা এলাকা ঘিরে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
জেলা পুলিশ ও প্রশাসনের তরফে ইতিমধ্যেই সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে বিশেষজ্ঞদের অনুমান, উদ্ধার হওয়া এই শেলগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মর্টার শেল হতে পারে।

উল্লেখযোগ্যভাবে, এর আগেও দ্বারকেশ্বর ও দামোদর নদীর তীরবর্তী এলাকায় বালি উত্তোলনের সময় মর্টার শেল উদ্ধারের ঘটনা ঘটেছে। কখনও একটি, কখনও দু’টি শেল মিললেও বাঁকুড়া জেলায় এই প্রথম একসঙ্গে তিনটি মর্টার শেল উদ্ধার হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।

স্থানীয় বাসিন্দা কার্তিক জানা জানান, “বালি তোলার সময় হঠাৎ ওই ধাতব জিনিসগুলো উঠে আসে। আমরা কেউই আগে এমন কিছু দেখিনি। তাই স্বাভাবিক ভাবেই এলাকায় ভিড় জমে যায়।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেলগুলির ভিতরে শক্ত লোহার আবরণে বিস্ফোরক পদার্থ থাকার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই কোনও ধরনের ঝুঁকি এড়িয়ে আপাতত সেগুলিকে নিরাপদ দূরত্বে রেখে নজরদারি চালানো হচ্ছে।

এ বিষয়ে বাঁকুড়ার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছোয়। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”


Share