Ramjet Missile

আকাশ নিরাপত্তায় আরও এক ধাপ এগোল ভারত, ‘র‍্যামজেট’ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল, জানাল ডিআরডিও

র‍্যামজেট প্রযুক্তির ইঞ্জিনগুলি সামনের দিক থেকে আসা বায়ুকে তীব্র গতিতে টানতে পারে। তার পরে সেই বায়ুই ইঞ্জিনে ‘থ্রাস্ট’ তৈরি করে। ডিআরডিও-র তৈরি করা এই ‘সলিড ফুয়েল ডাক্টেড র‍্যামজেট’ বা এসএফডিআর প্রযুক্তি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের গতি এবং কার্যকারিতা কয়েক গুণ বাড়িয়ে দিতে সক্ষম হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২৮

আকাশ নিরাপত্তায় আরও একধাপ এগোল ভারত। সফল ভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হল র‍্যামজেট প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। এই বিশেষ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের বিমানে আঘাত হানতে সক্ষম। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। যা দেশের আকাশ-প্রহরাকে আরও নিশ্ছিদ্র করে তুলবে বলে মনে করা হচ্ছে।

র‍্যামজেট একটি বিশেষ ধরনের জেট ইঞ্জিন। এই ইঞ্জিন সুপারসনিক বা শ্রুতিগ্রাহ‍্য শব্দের চেয়ে বেশি গতি সম্পন্ন। বিশ্বের খুব কম দেশের কাছেই এই প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বিশেষ প্রযুক্তির ইঞ্জিনে কোনও জটিল টার্বাইন থাকে না। ফলে এই ইঞ্জিন ব্যবহার করা ক্ষেপণাস্ত্র খুব হালকা হয়। ফলে বায়ুর ঘর্ষণ কমিয়ে আনে। দ্রুত গতিতে শত্রুপক্ষের ওপর আঘান হানতে পারে।

র‍্যামজেট প্রযুক্তির ইঞ্জিনগুলি সামনের দিক থেকে আসা বায়ুকে তীব্র গতিতে টানতে পারে। তার পরে সেই বায়ুই ইঞ্জিনে ‘থ্রাস্ট’ তৈরি করে। ডিআরডিও-র তৈরি করা এই ‘সলিড ফুয়েল ডাক্টেড র‍্যামজেট’ বা এসএফডিআর প্রযুক্তি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের গতি এবং কার্যকারিতা কয়েক গুণ বাড়িয়ে দিতে সক্ষম হবে। মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে ও়ড়িশার চাঁদিপুর থেকে র‍্যমজেট শক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপণ করা হয়।

ডিআরডিও জানিয়েছে, উৎক্ষেপণ সফল হয়েছে। ডিআরডিও আরও জানিয়েছে, পরীক্ষামূলক উৎক্ষেপণে ক্ষেপণাস্ত্রটির সবক’টি মাপকাঠি নিখুঁত ভাবে কাজ করেছে বলে জানিয়েছে তারা। ফলে যে স্বল্প সংখ্যক দেশের হাতে এই প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে, সেই তালিকায় জুড়ে গেল ভারতও।

অপারেশন সিঁদুর এবং ভারত-পাকিস্তান সংঘর্ষের পরবর্তী সময়ে দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করার চেষ্টা করছে দেশের প্রতিরক্ষামন্ত্রক। আগামী অর্থবর্ষের জন্য দেশের প্রতিরক্ষা খাতে বরাদ্দ আরও বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ৭.৮৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে প্রতিরক্ষায়। ব্রহ্মস ক্ষেপণাস্ত্রকেও সুপারসনিক থেকে হাইপারসনিক (শব্দের পাঁচ গুণের চেয়ে গতিসম্পন্ন) করে তোলার পরিকল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে র‍্যামজেট প্রযুক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্রও তৈরি করে ফেলল ভারত।


Share