Fire Incident

মাধ্যমিক পরীক্ষার মাঝেই পুড়ে ছাই বাঁকুড়ার পরীক্ষার্থীর সমস্ত বই, আগুনে ভস্মীভূত গোটা বাড়ি

মাধ্যমিক পরীক্ষার মাঝেই বিপর্যয় নেমে এল বাঁকুড়ার ওন্দা ব্লকের হরিহরপুর গ্রামে। ইংরেজি পরীক্ষা দিতে যাওয়ার সময়েই এক পরীক্ষার্থীর অ্যাসবেস্টসের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় সমস্ত বইপত্র ও আসবাব।

নতুন বইপত্র তুলে দেওয়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া
  • শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৬

মাধ্যমিক পরীক্ষার আবহে চরম বিপর্যয়ের মুখে পড়ল এক পরীক্ষার্থীর পরিবার। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের হরিহরপুর গ্রামে মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল এক মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি। আগুনে নষ্ট হয়ে গিয়েছে পড়াশোনার জন্য সমস্ত বইপত্র এবং আসবাবপত্র।

ঘটনায় ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীর নাম অর্পণ ধীবর। মঙ্গলবার সে স্থানীয় কালী সেন উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিতে গিয়েছিল। সেই সময়েই ঘটে যায় এই দুর্ঘটনা। জানা গিয়েছে, অর্পণের বাবা তরুণ ধীবর বাইরে কাজে ছিলেন। মা রীনা ধীবর ছোট ছেলেকে নিয়ে পাশের এক প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগেই তাঁদের অ্যাসবেস্টসের ঘরে আগুন লেগে যায়।

আগুনের খবর পেয়ে অর্পণের মা ও স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। প্রথমে তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন। দমকল বিভাগে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল বাহিনী ও স্থানীয় থানার পুলিশ। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে এক কামরার ঘরটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে অর্পণ দেখে তার থাকার ঘর আর নেই। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ঘরের যাবতীয় আসবাব ও তার সমস্ত পড়ার বই। মাধ্যমিক পরীক্ষার মাঝেই এমন ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে সে।

এই কঠিন সময়ে অর্পণের পাশে দাঁড়িয়েছেন পুলিশ ও এলাকার মানুষজন। ওন্দা থানার পক্ষ থেকে পরীক্ষার জন্য প্রয়োজনীয় নতুন বইপত্র তুলে দেওয়া হয়েছে অর্পণের হাতে। পাশাপাশি, স্থানীয় বিজেপি বিধায়ক এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকেও পরিবারটির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে।


Share