Election Commission

স্বরাষ্ট্রসচিব-সহ ২৫ অফিসার কেন্দ্রীয় পর্যবেক্ষককে ডাকা হল ট্রেনিংয়ে, নবান্নের আর্জি খারিজ করে দিল নির্বাচন কমিশন

কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জন্য ৫ ও ৬ ফেব্রুয়ারি ব্রিফিং বৈঠক হবে। কমিশন জানিয়ে দিয়েছে, আগে জমা পড়া অব্যাহতির আবেদন খতিয়ে দেখে তা নাকচ করা হয়েছে। ফলে যাঁদের নাম ওই আবেদনে ছিল, তাঁদের নির্দিষ্ট দিন-সময় মেনে বৈঠকে অংশ নিতেই হবে।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১৬

কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ব্রিফিং বৈঠক নিয়ে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। কমিশন নবান্ন থেকে করা আবেদন খারিজ করে দিয়েছে। তাঁরা স্বরাষ্ট্রসচিব-সহ ২৫ জন অফিসারকেই ট্রেনিংয়ে ডাকল। সকল সংশ্লিষ্ট আধিকারিককে ঠিক করা সময়সূচি মেনে বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জন্য ৫ ও ৬ ফেব্রুয়ারি ব্রিফিং বৈঠক হবে। কমিশন জানিয়ে দিয়েছে, আগে জমা পড়া অব্যাহতির আবেদন খতিয়ে দেখে তা নাকচ করা হয়েছে। ফলে যাঁদের নাম ওই আবেদনে ছিল, তাঁদের নির্দিষ্ট করা দিনক্ষণ মেনে বৈঠকে অংশ নিতেই হবে।

পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরির বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ২৫ জন সিনিয়র অফিসারকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। তালিকায় রয়েছেন স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা-সহ ১৫ জন আইএএস এবং প্রবীণকুমার ত্রিপাঠী-সহ ১০ জন আইপিএস আধিকারিক। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েই নবান্ন কমিশনের দ্বারস্থ হয়েছিল।

রাজ্যের তরফ থেকে যুক্তি দেওয়া হয়, নির্বাচনের আগে শীর্ষ প্রশাসনিক কর্তাদের বাইরে পাঠালে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কাজে প্রভাব পড়তে পারে। বিশেষত, স্বরাষ্ট্রসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিক বাইরে গেলে পরিস্থিতি সামলানো কঠিন হতে পারে। সেই কারণ দেখিয়েই বিকল্প নাম প্রস্তাব করে ১৭ জনকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছিল।

কিন্তু এ দিন নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, এমন ধরনের কোনোও আর্জিই তাঁরা মঞ্জুর করছে না। যাঁদের নামে এই আবেদন জমা পড়েছিল, তাঁদের নির্ধারিত দিন ও সময়ে বৈঠকে অংশগ্রহণ করতেই হবে। পাশাপাশি আরও নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট এই সিদ্ধান্ত দ্রুত সকল আধিকারিকের নজরে আনা বাধ্যতামূলক। প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মধ্যে যাতে কোনও বিভ্রান্তি না থাকে, তার জন্য এই নির্দেশ জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের কথা জানার পর নবান্ন স্বরাষ্ট্রসচিব-সহ ২৫ জন অফিসারকে ট্রেনিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে।


Share