Murder Case

বর্ধমানে চেম্বারে ঢুকে চিকিৎসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত যুবকের

চিকিৎসা চেম্বারের ভেতরেই এক চিকিৎসককে কুপিয়ে খুনের অভিযোগে উত্তাল বর্ধমান। ঘটনার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত যুবক নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। তাতেই বিষয়টি প্রকাশ্যে আসে। মঙ্গলবার দুপুরে বর্ধমান শহরের বাদামতলা এলাকায় ঘটনাটি ঘটে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান
  • শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৮

চিকিৎসা চেম্বারের ভেতরেই এক চিকিৎসককে কুপিয়ে খুনের অভিযোগে উত্তাল বর্ধমান। ঘটনার কিছু ক্ষণের মধ্যেই অভিযুক্ত যুবক নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। তাতেই বিষয়টি প্রকাশ্যে আসে। মঙ্গলবার দুপুরে বর্ধমান শহরের বাদামতলা এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত চিকিৎসকের নাম রাজা ভৌমিক। তিনি বাবুরবাগ কালীতলা এলাকার বাসিন্দা। বাদামতলায় তাঁর একটি চিকিৎসা চেম্বার ছিল। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ধৃত যুবকের নাম জীবন রুইদাস। তিনি শক্তিগড় থানার অন্তর্গত আমড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরের দিকে আচমকাই বর্ধমান থানায় হাজির হয় জীবন। প্রথমে থানায় কর্তব্যরত ডিউটি অফিসারের ধারণা ছিল, সে হয়তো কোনও সাধারণ অভিযোগ জানাতে এসেছে। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই জীবন দাবি করে, সে একজন চিকিৎসককে খুন করে এসেছে। এই কথা শুনে হতবাক হয়ে যান পুলিশ আধিকারিকেরা।

পরিস্থিতির গুরুত্ব বুঝে পুলিশকর্মীরা দ্রুত জীবনকে সঙ্গে নিয়ে বাদামতলা এলাকায় ওই চিকিৎসকের চেম্বারে পৌঁছোন। সেখানে গিয়ে দেখা যায়, চেম্বারের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। মৃত চিকিৎসকের নাম রাজা ভৌমিক। তাঁকে দ্রুত উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়ায়। এরপর পুলিশ জীবন রুইদাসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের কাছে জীবন জানিয়েছে, তার ঠাকুমার চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে সে ওই চিকিৎসকের কাছেই যাতায়াত করত। প্রায় এক মাস আগে তার ঠাকুমার মৃত্যু হয়। জীবনের অভিযোগ, চিকিৎসকের ভুল চিকিৎসার কারণেই তার ঠাকুমার মৃত্যু হয়েছে। সেই ক্ষোভ থেকেই সে মঙ্গলবার দুপুরে চিকিৎসকের চেম্বারে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযুক্ত পুলিশের কাছে স্বীকার করেছে।

পুলিশ জানিয়েছে, জীবন রুইদাসকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না বা আরও তা তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।


Share