Murder Case

বিবাহ-বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনে নৃশংস খুন, কেশপুরে কুপিয়ে হত্যা যুবতীকে

বিবাহ-বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনে নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। শনিবার লঙ্কাচাষের জমিতে কাজ করার সময় ধারালো ভোজালি দিয়ে কুপিয়ে খুন করা হয় পূজা বাগ (২৮)-কে। ঘটনার পর অভিযুক্ত ভাসুরপো বিদেশ বাগ পলাতক।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর
  • শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ০৯:০৭

বছরখানেকেরও বেশি সময় ধরে কাকিমার সঙ্গে ভাসুরপোর বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্কে চিড় ধরতেই ভয়াবহ পরিণতির পথ বেছে নিল যুবক। তার বিরুদ্ধে সুযোগ বুঝে কাকিমাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার অন্তর্গত বসনচক গ্রামে এই নৃশংস ঘটনায় শিউরে ওঠার মত ঘটনাটি ঘটেছে। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম পূজা বাগ (২৮)। তিনি বসনচক গ্রামের বাসিন্দা। অভিযোগ, গত প্রায় দেড় থেকে দু’বছর ধরে তাঁর সঙ্গে ভাসুরপো বিদেশ বাগের বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। ইদানীং সেই সম্পর্ক ভালো যাচ্ছিল না। দু’জনের মধ্যে মনোমালিন্য চলছিল বলেই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে।

স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহদেব দোলুই জানান, দীর্ঘদিন ধরেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে সাম্প্রতিক সময়ে সেই সম্পর্কে ফাটল ধরেছিল। ধারণা করা হচ্ছে, সেই বিচ্ছেদের যন্ত্রণা মেনে নিতে না পেরেই এই চরম পদক্ষেপ করেছে অভিযুক্ত যুবক। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, শনিবার সকালে পূজা বাগ নিজের লঙ্কাচাষের জমিতে কাজ করছিলেন। সেই সময়ই সেখানে হাজির হয় বিদেশ বাগ। অভিযোগ, কোনও কিছু বোঝার আগেই ধারালো ভোজালি দিয়ে পূজার পেটে আঘাত করে সে। এরপর পিঠে একাধিকবার কোপানো হয় বলে অভিযোগ।

গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত পূজাকে দ্রুত গাড়িতে করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়। সহদেব দোলুইয়ের কথায়, “পেটে ও পিঠে একাধিক ভোজালির আঘাত ছিল। এতটাই গুরুতর ছিল যে পেটের নাড়িভুঁড়ি পর্যন্ত বেরিয়ে এসেছিল।”

এই মর্মান্তিক ঘটনার পর থেকেই এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত বিদেশ বাগ পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে কেশপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।


Share