Fire Incident

নিউটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই ২৫টি ঝুপড়ি, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

নিউটাউনের সিটি সেন্টার ২ সংলগ্ন মাঠপাড়া এলাকায় শুক্রবার দুপুরে পরপর সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে ঝুপড়ি এলাকায়। তবে আপাতত কোনও হতাহতের খবর নেই।

আগুনের গ্রাসে একের পর এক বসতি পুড়ে যায়।
নিজস্ব সংবাদদাতা, নিউটাউন
  • শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ০৬:৫৪

নিউটাউনের সিটি সেন্টার ২ সংলগ্ন মাঠপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার দুপুরে পরপর সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে ঝুপড়ি এলাকায়। আগুনের গ্রাসে একের পর এক বসতি পুড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। ঘটনায় পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় ২০ থেকে ২৫টি ঝুপড়ি। আগুন লাগার খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। তবে আপাতত কোনও হতাহতের খবর নেই।

স্থানীয় সূত্রে খবর, দুপুর সাড়ে ৩টে নাগাদ ওই ঝুপড়ি এলাকায় আগুন লাগে। প্রাথমিকভাবে সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানা গিয়েছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় প্রায় ২০ থেকে ২৫টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। আগুন লাগার প্রকৃত কারণ অবশ্য এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট, নাকি রান্নার গ্যাস থেকে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে বাগুইআটি ও ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। রাজারহাট নিউটাউনের বিধায়ক পীযূষ কানোরিয়াও সেখানে পৌঁছোন। তিনি দমকলকর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন। বিধায়ককে সামনে পেয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, এই ঝুপড়ি এলাকায় আগুন লাগার ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার অগ্নিকাণ্ডের জেরে ক্ষতির মুখে পড়তে হয়েছে বাসিন্দাদের। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগলে তার আঁচ আশপাশের বহুতল ও বাড়িতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

স্থানীয়দের অভিযোগের প্রসঙ্গে বিধায়ক পীযূষ কানোরিয়া বলেন, “এই ঝুপড়ি এলাকা খালি করার কথা অনেক আগে থেকেই বলা হচ্ছে। কিন্তু কেউ কথা শুনছে না। আজকে এমন একটা বিপদ ঘটে গেল।” তাঁর বক্তব্য ঘিরেও এলাকায় আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকার অধিকাংশ বাড়িই টিনের তৈরি। সেখানে প্রায় ১৫০ থেকে ২০০ জন বসবাস করেন। তাঁদের অনেকেই ওই এলাকার স্থায়ী বাসিন্দা নন বলেও দাবি স্থানীয়দের। এই পরিস্থিতিতে অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কী অবস্থা, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কীভাবে আগুন লাগল এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।


Share