Cyber Fraud

পুলিশ সেজে সাইবার প্রতারকদের নতুন ফাঁদ! চাইল্ড পর্নোগ্রাফির অভিযোগে গ্রেফতারির ভয় দেখিয়ে ময়নাগুড়ির তিন বাসিন্দার টাকা হাতাল প্রতারকরা

পুলিশের পরিচয় দিয়ে ফোন করে চাইল্ড পর্নোগ্রাফি দেখার অভিযোগে গ্রেফতারি ও মোটা অঙ্কের জরিমানার ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়ি
  • শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ০৬:৪৪

পুজোর আবহে সাইবার প্রতারণার শিকার ময়নাগুড়ির তিন বাসিন্দা। পুলিশের পরিচয় দিয়ে ফোন করে চাইল্ড পর্নোগ্রাফি দেখার অভিযোগে গ্রেফতারি ও মোটা অঙ্কের জরিমানার ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তিনজনের মধ্যে একজনের ৯৫ হাজার টাকা, দ্বিতীয়জনের ৬৫ হাজার টাকা এবং তৃতীয়জনের ১ হাজার ৪০০ টাকা খোয়া গিয়েছে। পরপর এই ধরনের প্রতারণার ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, প্রতারকরা নিজেদের পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে ফোন করে চাইল্ড পর্নোগ্রাফি দেখার অভিযোগে মামলা হওয়ার কথা জানায়। কখনও ভিডিও কলের মাধ্যমেও পুলিশের পরিচয় দিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ। এরপর গ্রেপ্তারি, আইনি পদক্ষেপ এবং মোটা অঙ্কের জরিমানার হুমকি দিয়ে টাকা দাবি করা হয়। আতঙ্কিত হয়ে প্রতারকদের সেই ফাঁদে পা দিয়েই আর্থিক ক্ষতির মুখে পড়েন তিনজন।

ঘটনার পর সাধারণ মানুষকে সাইবার প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। ময়নাগুড়ি থানার সাইবার সহায়তা কেন্দ্রের এক আধিকারিক জানান, চাইল্ড পর্নোগ্রাফি সংক্রান্ত অপরাধ আইনত গুরুতর। তবে পুলিশের পরিচয় দিয়ে অনলাইনে ভয় দেখিয়ে কেউ টাকা দাবি করলে আতঙ্কিত হয়ে টাকা পাঠানো উচিত নয়। এ ধরনের ফোন বা হুমকির মুখে পড়লে দ্রুত নিকটবর্তী থানায় যোগাযোগ করে পুলিশের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।


Share