India-China Clash

অরুণাচলে কি এখনও ভারত-চিন সংঘাত? ITBP প্রধানের মন্তব্যে চাঞ্চল্য, মোদীকে নিশানা কংগ্রেসের

অরুণাচল প্রদেশে সীমান্ত সংঘাত এখনও চলছে বলে মন্তব্য ITBP প্রধানের। তাঁর বক্তব্য ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছে কংগ্রেস। তবে কেন্দ্রের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ০৬:২১

অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও চিনের মধ্যে সংঘাতের পরিস্থিতি এখনও অব্যাহত রয়েছে? ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ (ITBP)-এর ডিরেক্টর জেনারেল শত্রুজিৎ কাপুরের সাম্প্রতিক মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে জোর বিতর্ক। তাঁর বক্তব্যকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছে কংগ্রেস। যদিও এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কী বলেছেন ITBP প্রধান?

ITBP জওয়ানদের সম্মান জানাতে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শত্রুজিৎ কাপুর জানান, গত কয়েক দিনে অরুণাচল প্রদেশের একাধিক জায়গায় মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর কথায়, সেই পরিস্থিতি এখনও চলছে। তবে তিনি সরাসরি চিনা সেনার নাম উল্লেখ করেননি। একই সঙ্গে সীমান্ত বিবাদের এখনও কোনও সমাধান হয়নি বলেও জানান তিনি। সংঘাতের সময়ে ITBP-র শৌর্য কম্যান্ডোরা অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন বলে উল্লেখ করেন বাহিনীর প্রধান।

মোদীকে নিশানা কংগ্রেসের

অরুণাচল প্রদেশে চিনের গতিবিধি এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব কংগ্রেস। এই ইস্যুতে একাধিক বার কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। এ বার ITBP প্রধানের মন্তব্যের পর সেই বিতর্ক আরও জোরালো হয়েছে। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের অভিযোগ, প্রধানমন্ত্রী সীমান্ত সংঘাতের তথ্য গোপন করছেন। গত সেপ্টেম্বরে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি বজায় রাখার লক্ষ্যে অনুষ্ঠিত কোর কম্যান্ডার স্তরের বৈঠকের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

তাকসিং নিয়ে আগেও উঠেছিল অভিযোগ

সম্প্রতি অরুণাচল প্রদেশের রাজনৈতিক দল পিপলস পার্টি অফ অরুণাচল (PPA) দাবি করেছিল, আপার সুবনসিরি জেলার তাকসিং সেক্টরে ভারতীয় সেনার টহলদারিতে বাধা দিচ্ছে চিন। ওই এলাকায় চিনা সেনার উপস্থিতিও বাড়ছে বলে অভিযোগ করা হয়েছিল। তবে সেই দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছিলেন, ভারতের কোনও এলাকাই চিন দখল করেনি।

জিনপিংয়ের সফরের পর নতুন করে বিতর্ক

সম্প্রতি ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর এটিই ছিল তাঁর প্রথম ভারত সফর। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সীমান্ত বিবাদ নিয়েও আলোচনা হয়েছিল বলে সরকারি সূত্রে খবর। দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর বার্তাও সামনে এসেছিল। সেই আবহে ITBP প্রধানের মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে সীমান্ত পরিস্থিতি নিয়ে। তবে তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসায় বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত রয়েছে। 


Share