Heavy Rain

রাতভর বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ! জলের তোড়ে ভেসে গেল দুধিয়ার হিউমপাইপ সেতু, বিচ্ছিন্ন মিরিক

এর ফলে মিরিক সড়কপথে আংশিক ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আপাতত বেইলি ব্রিজ দিয়ে ছোট গাড়ি চলাচল করলেও বড় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

দুধিয়া সেতু।
নিজস্ব সংবাদদাতা, দুধিয়া
  • শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫৮

রাতভর টানা বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ। প্রবল বৃষ্টির বালাসন নদী জেরে ফুঁসছে। এরই মধ্যে কয়েক মাসের ব্যবধানে ফের জলের তোড়ে দুধিয়ার হিউমপাইপের সেতু ভেসে গেল। এর ফলে মিরিক সড়কপথে আংশিক ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আপাতত বেইলি ব্রিজ দিয়ে ছোট গাড়ি চলাচল করলেও বড় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি, পাহাড়ে ধসের আশঙ্কাও রয়েছে। পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক—সকলের মধ্যেই তৈরি হয়েছে তীব্র আতঙ্ক।

গত জুলাইয়ে টানা বৃষ্টি এবং মহানন্দার ফুলবাড়ি ব্যারেজের গেট খুলে দেওয়ায় বালাসন নদীর জলস্তর দ্রুত বাড়তে শুরু করেছিল। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হয়। জলের তোড়ে ভেসে যায় দুধিয়ার অস্থায়ী সেতু। ফলে শিলিগুড়ি থেকে মিরিকের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় সেতু মেরামতির কাজ শুরু হয়। দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে সেনাবাহিনীর উদ্যোগে বেইলি ব্রিজও তৈরি করা হয়। কিন্তু দেড় মাস কাটতে না কাটতেই ফের একই পরিস্থিতি। বৃহস্পতিবার বিকেল থেকে উত্তরবঙ্গের একাধিক এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। তার জেরে বিভিন্ন নদীতে জলস্তর বাড়তে থাকে। এক সময় প্রবল জলের তোড়ে ফের দুধিয়ার অস্থায়ী হিউমপাইপের সেতু ভেসে যায়। ফলে আবারও শিলিগুড়ি-মিরিক যোগাযোগ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ সংলগ্ন এলাকা থেকে সরে নিম্নচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। নিম্নচাপটি কিছুটা দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। পাশাপাশি, হরিয়ানা থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত হয়েছে। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাওয়া এই অক্ষরেখার প্রভাবেই রাজ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে দু’-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা। অন্য দিকে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গেরও একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে।


Share