Train Accident

স্থানীয় যুবকদের তৎপরতায় রক্ষা! উত্তরবঙ্গে রেললাইনে ফাটল, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল ডিএমইউ ট্রেন

জানা গিয়েছে, কয়েকজন স্থানীয় যুবক রেললাইনে ফাটল দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে নিকটবর্তী রেলগেটের কর্মীকে খবর দেন। খবর পেয়ে রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাইনে স্পষ্ট ফাটল লক্ষ্য করেন। এরপরই বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

রেল লাইনে ফাটল
নিজস্ব সংবাদদাতা, মালবাজার
  • শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ০১:৫১

অল্পের জন্য বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি ডিএমইউ ট্রেন। উত্তরবঙ্গে মালবাজার ও বড়দিঘি স্টেশনের মধ্যবর্তী মহাকাল মোড় এলাকায় আচমকা রেললাইনে ফাটল দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দ্রুত বিষয়টি নজরে আসায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

জানা গিয়েছে, কয়েকজন স্থানীয় যুবক রেললাইনে ফাটল দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে নিকটবর্তী রেলগেটের কর্মীকে খবর দেন। খবর পেয়ে রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাইনে স্পষ্ট ফাটল লক্ষ্য করেন। এরপরই বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

নিরাপত্তার স্বার্থে ওই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। মালবাজার স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট ডিএমইউ ট্রেনটি। প্রায় দু’থেকে আড়াই ঘণ্টা রেল পরিষেবা ব্যাহত ছিল। রেলের তরফে দ্রুত মেরামতির কাজ শুরু হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। রেল সূত্রে জানানো হয়েছে, স্থানীয় যুবকদের তৎপরতাতেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

উল্লেখ্য, ওই ডিএমইউ ট্রেনটির শিলিগুড়ি জংশন থেকে নিউমাল জংশন হয়ে বামনহাট যাওয়ার কথা ছিল। কী কারণে রেললাইনে ফাটল দেখা দিল, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে রেলের আধিকারিকদের তরফে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই একইভাবে পাঁশকুড়া–দিঘা লোকাল অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিল। সেখানেও ট্র্যাকে ফাটল ধরা পড়েছিল এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছিল। এর মধ্যেই রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাংলার একাধিক লোকাল ট্রেন রুটে ‘কবচ’ সুরক্ষা ব্যবস্থা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এই ব্যবস্থা চালু হলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।


Share