Road Accident

ময়নাগুড়িতে ডাম্পারের ধাক্কায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত এক, গুরুতর আরও এক

জানা গিয়েছে, প্রতিদিনের ন্যায় এ দিন দুই সহকর্মী স্কুটিতে চেপে বিডিও অফিস যাচ্ছিল। জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কের দশ দরগা এলাকায় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্কুটিতে ধাক্কা মারে। দু’জনেই রাস্তার উপরেই ছিটকে পড়েন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়ি
  • শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ০৮:৫৫

স্কুটি করে বিডিও অফিস যাওয়ার সময় পথ দুর্ঘটনা। মাঝপথে ডাম্পারের ধাক্কায় মৃত বিডিও অফিসের কর্মী। এসআইআর-এর কাজের সঙ্গে যুক্ত মৃত মহিলার নাম শম্পা রায়। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়িতে। একই স্কুটিতে থাকা আরেক সহকর্মী পায়েল মহন্ত গুরুতর আহত। ডাম্পারের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ তদন্ত করে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, প্রতিদিনের ন্যায় এদিন দুই সহকর্মী স্কুটিতে চেপে বিডিও অফিস যাচ্ছিল। জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কের দশ দরগা এলাকায় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্কুটিতে ধাক্কা মারে। দু’জনেই রাস্তার উপরেই ছিটকে পড়েন। তড়িঘড়ি মৃতদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শম্পাকে মৃত বলে ঘোষণা করে।

অন্যদিকে, পায়েলের অবস্থাও আশঙ্কাজনক। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। শম্পার অফিসের এক সহকর্মী বলেন, ‘পায়েলদি স্কুটি চালাচ্ছিলেন। পিছনের আসনে শম্পা বসেছিলেন। বটতলার কাছে একটি ডাম্পার পিছন থেকে এসে ধাক্কা মারে। শম্পাকে বাঁচানো যায়নি। দু’জন্যেই এঁরা SIR-এর কাজে নিযুক্ত ছিল।’

উল্লেখ্য, দু’জনেই ময়নাগুড়ি বিডিও অফিসে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্তব্যরত। এসআইআর-এর শুনানি কেন্দ্রের ডেটা এন্ট্রির দায়িত্বে রয়েছেন। ঘটনায় শোকের নামে এসেছে ছায়া প্রশাসনিক মহলে।


Share