Brown Sugar

ভারত-নেপাল সীমান্তে মাদক পাচারের করতে গিয়ে গ্রেফতার চার জন, উদ্ধার ৩৫৯ গ্রাম ব্রাউন সুগার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে পানিট্যাঙ্কি ছোট বদরাজোত এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার বিশেষ দল। সেই সময় মেচি নদী পেরিয়ে ভারত থেকে নেপালে যাওয়ার চেষ্টা করছিল রোহিত রায় নামে এক যুবক।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, খড়িবাড়ি
  • শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০৮

ভারত-নেপাল সীমান্তে মাদক পাচারের বড় চক্র ফাঁস করে দিল খড়িবাড়ি থানার পুলিশ। পৃথক দুই অভিযানে মোট ৩৫৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে তিনজন সিকিমের বাসিন্দা, একজন নেপালের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে পানিট্যাঙ্কি ছোট বদরাজোত এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার বিশেষ দল। সেই সময় মেচি নদী পেরিয়ে ভারত থেকে নেপালে যাওয়ার চেষ্টা করছিল রোহিত রায় নামে এক যুবক। তাকে আটক করে তল্লাশি চালাতেই ১০২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। এরপরই তাকে গ্রেফতার করা হয়। রোহিত নেপালের ভাদ্রপুরের বাসিন্দা।

এদিকে একই রাতে প্রায় পৌনে ১১টা নাগাদ পানিট্যাঙ্কি গৌড় সিং জোত এলাকায় এশিয়ান হাইওয়েতে একটি সন্দেহজনক ছোট চারচাকা গাড়ি থামায় পুলিশ। গাড়িতে থাকা তিনজনের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে আরও ২৫৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পরে আশিস ছেত্রী, বীরবাহাদুর ছেত্রী ও রাজকুমার রাই নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা সকলেই সিকিমের বাসিন্দা।

পুলিশের প্রাথমিক ধারণা, অভিযুক্তদের পানিট্যাঙ্কি এলাকা থেকে মাদক সংগ্রহ করে সিকিম ও নেপালে পাচারের পরিকল্পনা ছিল। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে অনুমান। বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত জোরদার করেছে পুলিশ।


Share