Metarnal Death Fury

সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ইসলামপুরে নার্সিংহোমে তাণ্ডব

ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা বলেন, 'অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।' অভিযুক্ত নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁরা ফোন কেটে দেন। তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর
  • শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১০:৩৮

ফের চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ। এ বার এই অভিযোগ ভাঙচুর করা হল ইসলামপুরের নার্সিংহোমে। মঙ্গলবার উত্তেজিত রোগীর পরিজনেরা তাণ্ডব চালায় রামগঞ্জ এলাকার নার্সিংহোমে। এই তাণ্ডবে শুরু হয় বিক্ষোভ।

জানা গিয়েছে, মৃত প্রসূতির নাম পিঙ্কি খাতুন (২২)। তিনি উত্তর দিনাজপুরের ইসলামপুরের সুজালি এলাকার বাসিন্দা ছিলেন। মঙ্গলবার গভীর রাতে তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। তড়িঘড়ি তাকে এই নার্সিংহোমে ভর্তি করা হয়। সেই রাতেই চিকিৎসকরা পিঙ্কির সিজার করে এবং একটি সুস্থ পুত্রসন্তানের জন্ম হয়। কিন্তু পরিবারের অভিযোগ, সন্তানের জন্মের পর থেকেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। তিনি বারবার অসুস্থ বোধ করার কথা জানালেও নার্সিংহোম কর্তৃপক্ষ-সহ কর্মরত নার্সরা তাতে কর্ণপাত করেননি। ক্ষুব্ধ পরিজনেদের দাবি, চিকিৎসকদের বারবার ডেকেও সময়ে চিকিৎসা মেলেনি।

মঙ্গলবার সকালে নার্সিংহোম থেকে পিঙ্কির মৃত্যুর খবর দেয়। এরপরে উত্তেজনা চরমে পৌঁছোয়। ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে মৃতার আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা নার্সিংহোমে ঢুকে অশান্তি করে। আসবাবপত্র থেকে শুরু করে জানালার কাচ এবং চিকিৎসা সরঞ্জাম ভাঙচুর করা হয়। ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। সেখানে উত্তেজনা বাড়তে থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পিঙ্কির দাদা ফজল করিম ক্ষোভ উগরে দেন চিকিৎসকদের ওপর। ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা বলেন, 'অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।' অভিযুক্ত নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁরা ফোন কেটে দেন। তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Share