Special Intensive Rivision

খসড়া তালিকায় নাম থাকা ‘সম্ভাব্য বৈধ’ ভোটারেরা দিতে পারবে ভোট! প্রমাণপত্র দেখালেই মিলবে অনুমতি, বক্তব্য নির্বাচন কমিশনের

যে সমস্ত ভোটারের নাম খসড়া তালিকায় নাম ছিল না অথচ চূড়ান্ত ভোটার তালিকায় যদি নাম না আসে, তাহলে তাঁকে চিঠি দিয়ে বাদ যাওয়ার কারণ জানানো হবে।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৬

রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া চলছে। খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে ৫৮ লক্ষের নাম। কিন্তু কমিশনের যুক্তি, সেই তালিকায় যদি ‘সম্ভাব্য ভোটার’ থেকে থাকেন, তাঁরাও আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। সেক্ষেত্রে তাঁকে ভোটকেন্দ্রে এসে প্রমাণ‍্য নথি দেখাতে হবে। সেক্ষেত্রে যদি কোনও ভোটার জাল নথি দেন তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৬ ডিসেম্বর রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। তাতে ৫৮ লক্ষের নাম বাদ পড়েছিল। মৃত-ভুয়ো-স্থানান্তরিত-একাধিক কেন্দ্রে থাকা ব‍্যক্তির নাম। সেই তালিকায় তালিকায় যদি কোনও ভোটারের ‘ভুল বশত’ উঠে গিয়ে থাকে, তাহলেও ভোটের দিন তিনি ভোট দিতে পারবেন।

সংশ্লিষ্ট ভোটের বুথের প্রিসাইডিং অফিসারের কাছে এই তালিকা থাকে। তিনি তা মিলিয়ে দেখবেন। সেই ভোটার যদি ভোট দিতে চান, সেক্ষেত্রে তাঁকে যথোপযুক্ত প্রমাণ নিয়ে ভোটকেন্দ্রে যেতে হবে। তিনি যে জীবিত এবং তাঁর সমস্ত তথ্য সঠিক তা সেই ভোটারকেই প্রমাণ করতে হবে। প্রিসাইডিং অফিসার যাচাই করে দেখবেন। এরপর তিনি প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে একটি ‘ডিক্ল্যারেশন ফর্ম’ ফিলআপ করবেন। যেখানে, নিজেকে প্রমাণ করার জন্য তিনি যে সমস্ত তথ্য কমিশনকে দিয়েছেন তা যে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল, সেটাই ওই ফর্মে লেখা থাকবে। এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানান, পরবর্তীতে যদি প্রমাণিত হয়, যে ওই ভোটার ভুল তথ্য পরিবেশন করে ভোট দিয়েছেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে।

খসড়া তালিকা থেকে যে সমস্ত মৃত-স্থানান্তরিত ভোটারের নাম বাদ গিয়েছে, তাঁরা কীভাবে ভোট দিতে পারবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ এমনও বলছেন, তিনি যদি মৃত বা স্থানান্তরিত হয়ে থাকেন, তাহলে তালিকায় এল কী করে? যদি এসে থাকে তাহলে গাফিলতি কার? যদি প্রমাণিত হয় তাহলে কি সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে? তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
 

এ ছাড়াও, যে সমস্ত ভোটারের নাম খসড়া তালিকায় নাম ছিল না অথচ চূড়ান্ত ভোটার তালিকায় যদি নাম না আসে, তাহলে তাঁকে চিঠি দিয়ে বাদ যাওয়ার কারণ জানানো হবে। কমিশন এ-ও জানিয়েছে, কোনও ভোটার নিজের নাম নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরেও তুলতে পারেন। তবে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের মধ্যেই তুলতে হবে। আবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরে কোনও ভোটারের নাম বাদ দেওয়া যাবে বলেই জানিয়েছে কমিশন।


Share