Triveni Kumbh

৭০০ বছর আগে বিদেশি আক্রমণে বন্ধ হয়ে গিয়েছিল ‘অনুকুম্ভ’, পঞ্চম বারে জন‍্য কুম্ভমেলার আয়োজন হবে ত্রিবেণীতে, প্রস্তুতি তুঙ্গে

বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির কাঞ্চন বন্দ্যোপাধ্যায় জানান, সপ্তর্ষি ঘাট শিবপুর মাঠ আর আর ক্যাম্প এই তিনটি জায়গায় মেলার কাজ চলছে। ক্যাম্পে মূলত সনাতনি কার্যক্রম হবে। সন্ধ্যাবেলায় সপ্তর্ষি ঘাটে কয়েক হাজার প্রদীপ জ্বালানো হবে।

বহুদূর থেকে সাধু সন্ন্যাসীরা উপস্থিত হয়েছেন এই মেলায়
নিজস্ব সংবাদদাতা
  • শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৪

প্রায় ৭০০ বছর আগে হুগলির ত্রিবেণীতে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে কুম্ভ মেলা বসত বলে জনশ্রুতি রয়েছে। যা দক্ষিণপ্রয়াগ নামে পরিচিত ছিল। উত্তরপ্রদেশের মহাকুম্ভের নাম অনুসারেই এই নামকরণ হয়েছে বলে জনশ্রুতি রয়েছে। কিন্তু ১২৫০ খ্রিস্টাব্দে তা বহিরাগত অতর্কিত আক্রমণে বন্ধ হয়ে যায়। 

২০২২ সাল থেকে ফের ত্রিবেণীতে সেই মেলা শুরু হয়েছে। গঙ্গাসাগরে মকর সংক্রান্তির শেষ করে ফেরার পথে বহু সন্ন্যাসীরাই এই মেলায় অংশগ্রহণ করেন। মাঘী পূর্ণিমার দিন পায়ে হেঁটে এই মেলায় এসে উপস্থিত হন নাগা সন্ন্যাসী থেকে শুরু করে বহু হিন্দু পূর্ণ‍্যার্থীরা। এই একদিনের কুম্ভকে বলা হয় ‘অনুকুম্ভ’। 

বুধ, বৃহস্পতি এবং শুক্রবার এই তিন দিন ধরেই এই অনুকুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। এই তিনদিন ত্রিবেণীতে বহু মানুষের সমাগম হয়। আগামী শুক্রবার গঙ্গার ঘাটে হবে পুণ্যস্নান। পাপ মোচনের আশায় হিন্দু পূর্ণ‍্যার্থীরা এই দিনে গঙ্গায় স্নান করতে আসেন। 

গঙ্গাপারে ক্যাম্পে সাধু আখড়ায় বহু নাগা সাধুরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। অসমের কামাক্ষ্যা থেকে কিন্নর সাধুরাও এই কুম্ভে যোগ দিতে এসেছেন। কেউ ছাই ভস্ম মেখে মাথায় জটা নিয়ে বসে আছেন। আবার কেউ ভাঙা কাচের ওপর একেবারে নিঃসংকচে দাঁড়িয়ে আছেন।

বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির তরফে কাঞ্চন বন্দ্যোপাধ্যায় জানান, সপ্তর্ষি ঘাট শিবপুর মাঠ-সহ তিনটি জায়গায় মেলার কাজ চলছে। ক্যাম্পে মূলত সনাতনী কার্যক্রম হবে। সন্ধ্যাবেলায় সপ্তর্ষি ঘাটে কয়েক হাজার প্রদীপ জ্বালানো হবে। তারপর সন্ধ্যা আরতি হবে। পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাতে পারবেন সাধারণ মানুষ।


Share