Madhyamik Exam

জুতোয় মোবাইল আটকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ, এআই ব‍্যবহার করে মাধ‍্যমিক পরীক্ষায় দেদার টুকলি পূর্ব বর্ধমানের স্কুলে, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

টুকলিতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার দেখে স্তম্ভিত শিক্ষা দফতরের আধিকারিকরাও। তবে কী ভাবে পরীক্ষার্থীরা মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়ছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কাটোয়া
  • শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৮

চলছে মাধ‍্যমিক পরীক্ষা। সেই পরীক্ষার উর্ত্তীণ হতে এক পরীক্ষার্থী জুতোয় মোবাইল আটকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। অভিযোগ, পরীক্ষা চলাকালীন কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ব‍্যবহার করে দেদার টুকলি চলছিল সেখানে। পূর্ব বর্ধমানের একটি স্কুলে এই ঘটনাটি ঘটেছে। ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।

পূর্ব বর্ধমানের গলসির সাঁকো সিএস স্কুলে ঘটনাটি ঘটেছে। জেলায় মাধ‍্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা এক আধিকারিকের কথায়, জুতোয় মোবাইল আটকে ওই পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করে। প্রবেশের সময় মোবাইল বন্ধ ছিল। পরীক্ষা চলাকালীন সুযোগ বুঝে ফোন অন করে। এর পরেই প্রশ্নপত্র স্কান করে উত্তর তৈরি করে টুকলি করতে থাকে। তাঁকে ধরে ফেলা হয়েছে। তাঁর পরীক্ষা বাতিল করা হয়েছে।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত পূর্ব বর্ধমানের‍ ৩টি পরীক্ষা কেন্দ্রে তিন জন পরীক্ষার্থী মোবাইল নিয়ে গিয়ে ধরা পড়েছে। সেগুলি হল- গলসির সাঁকো সিএস স্কুল, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি বালিকা বিদ্যালয়, কাটোয়া কেডিআই ইনস্টিটিউটে আসা পরীক্ষার্থীরা। তাঁরা প্রত্যেকেই মোবাইল ব্যবহার করে পরীক্ষা দিচ্ছিল। তাঁদের সবারই পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ। সেজন্য পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় প্রতিটি পরীক্ষার্থীর তল্লাশি নেওয়া হয়। তা সত্ত্বেও নজরদারির ফাঁকফোঁকর খুঁজে নিয়ে কয়েক জন পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢুকে পড়ে।  মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা জেলা ওই আধিকারিকের কথায়, তাঁরা মূলত জুতোর ভিতরে, মোজার ভেতরে এমনকী, পায়ের সঙ্গে মোবাইল সেলোটেপ দিয়ে আটকে ওই তিন পরীক্ষার্থী কেন্দ্রে ঢুকেছিল।

টুকলিতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার দেখে স্তম্ভিত শিক্ষা দফতরের আধিকারিকরাও। পরীক্ষা পদ্ধতিকে আরও সচ্ছ কী ভাবে করা যায়, তা নিয়েও চিন্তিত তাঁরা। এর পাশাপাশি কী ভাবে পরীক্ষার্থীরা মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়ছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।


Share