Mysterious Death

মলানদিঘিতে তরুণী নার্সের রহস্যমৃত্যু, গভীর রাতে বহুতলের নীচ থেকে দেহ উদ্ধার করল পুলিশ

পশ্চিম বর্ধমানে ২৪ বছরের এক তরুণী নার্সের দেহ উদ্ধার। মৃতা মন্দিরা পাল মলানদিঘির একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকায় কাঁকসা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কাঁকসা
  • শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৫০

পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার গোপালপুর এলাকায় এক তরুণী নার্সের রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতার নাম মন্দিরা পাল (২৪)। তিনি মলানদিঘির একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। বুধবার গভীর রাতে একটি বহুতল আবাসনের নীচ থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের দিকে বহুতলের সামনে এলাকাবাসীরা এক তরুণীর দেহ পড়ে থাকতে দেখে। তাঁরা প্রথমে পুলিশে খবর দেন। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মন্দিরা পালের বাড়ি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের লোহারপাড়া এলাকায়। কর্মসূত্রে তিনি মলানদিঘিতে থাকতেন। সেখানকার একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কাজ করতেন। কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যার সম্ভাবনা খতিয়ে দেখা হলেও এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি তদন্তকারীরা মৃতার পরিবার ও সহকর্মীদের সঙ্গে কথা বলে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় শোক ও উত্তেজনার আবহ তৈরি হয়েছে। রহস্যমৃত্যুর জট কাটাতে ইতিমধ্যেই কাঁকসা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।


Share