Murder Arrest

মাটিগাড়ায় কিশোর খুনে গ্রেফতার মূল অভিযুক্ত, কাওয়াখালি থেকে পাকড়াও টোটোচালক রাজ পাসোয়ান

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার পেশায় টোটো চালক রাজ পাসোয়ান ফোন করে শুভজিৎকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই ওই কিশোর নিখোঁজ হয়ে যায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মাটিগাড়া
  • শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৩

শিলিগুড়ির মাটিগাড়ায় ১৫ বছরের কিশোর শুভজিৎ মোদক খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম রাজ পাসোয়ান। মঙ্গলবার শিলিগুড়ি ছেড়ে পালানোর চেষ্টা করার সময় কাওয়াখালি এলাকা থেকে মাটিগাড়া থানার পুলিশ তাকে ধরে ফেলে। বুধবার কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার পেশায় টোটো চালক রাজ পাসোয়ান ফোন করে শুভজিৎকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই ওই কিশোর নিখোঁজ হয়ে যায়। পরিবারের তরফে মাটিগাড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হলেও দীর্ঘ সময় কোনও খোঁজ না মেলায় পরিবারের লোকেরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা থানার সামনে বিক্ষোভ দেখান।

তদন্তে নেমে সোমবার গভীর রাতে শুকনা ফরেস্ট এলাকা থেকে পুলিশ শুভজিতের দেহ উদ্ধার করে। দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। দোষীর কঠোর শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা পথ অবরোধ করে প্রতিবাদ জানান। পরিস্থিতির গুরুত্ব বুঝে অভিযুক্তের খোঁজে তল্লাশি জোরদার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত আক্রোশ বা পুরনো বিবাদের জেরেই এই খুন হয়ে থাকতে পারে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কাওয়াখালি এলাকায় অভিযান চালিয়ে রাজ পাসোয়ানকে গ্রেফতার করা হয়। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে খুনের আসল কারণ এবং অন্য কারও যোগসাজশ আছে কি না, তা জানার চেষ্টা চলছে।


Share