Youth Beaten Up By TMC Leader

তৃণমূল নেতার রোষানল থেকে বাদ গেল না উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী! বাবার দোকান ভাঙচুর, ছেলেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হল পুকুরে

আক্রান্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বলেন, “কয়েক জন বাবাকে এসে দোকান বন্ধ করতে বলে। তা শুনে আমি শুনতে যাই। এর পরেই আমার ওপরে চড়াও হয়। হাত দু’টো ধরে আমাকে পুকুরে ফেলে দিল। একটা বাঁশ ছিল। আমার মৃত্যু পর্যন্ত হতে পারত।”

ধাক্কা মেরে জলে ফেলে দেওয়া হয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে।
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান
  • শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৭

তৃণমূল নেতার রোষানল থেকে বাদ পড়ল না উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীও। পূর্ব বর্ধমানের খন্ডঘোষে ঘটনাটি ঘটেছে। সেখানে এক ব‍্যক্তির দোকানে ভাঙচুর চালানো হয়। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী দোকান মালিকের ছেলে বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। তার পরে সজোরে ধাক্কা মেরে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হয়েছে।

খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রামের ঘটনা। সেখানকার বোঁয়াইচণ্ডী মায়ের মন্দির সংলগ্ন বাজারে দোকান রয়েছে দীপক অধিকারীর। বুধবার সেই দোকানে হামলা চালানো হয়েছে। সেখানে কয়েক জন স্থানীয় তৃণমূল কর্মী আসেন। দীপকের অভিযোগ, দোকান বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দেয় বলে। তা না করায় তাঁরা দীপকের ওপর চড়াও হয়। দোকান ভাঙচুর চালায়। তা খবর পেয়ে তাঁর ছেলে যায়। সেখানে তৃণমূল নেতা এবং তার দলবল মারধর করে। এর এক পর্যায়ে সজোরে ধাক্কা মেরে পুকুরে জলে ফেলে দেওয়া হয়।

অভিযুক্ত তৃণমূল নেতার নাম শেখ শাহাদ আলি ওরফে লকাই। তিনি ওই অঞ্চলের তৃণমূলের সভাপতি। যদিও তৃণমূল নেতা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “দীপকের ভাই দু’বছর আগে মারা গিয়েছেন। তাঁর স্ত্রী, এক মেয়ে রয়েছে। তাঁদের দু’কাঠা জমি আছে। তা পেতে বার বার দীপক অধিকারীকে বলছিলেন। কিন্তু কাজ হয়নি। বুধবার দীপক অধিকারী কিছু লোকজনকে নিয়ে গিয়ে অশান্তি করেন। আমাদের কাছে খবর আসে। জনপ্রতিনিধি হিসেবে সেখানে যাই। আমার সঙ্গে আরও কয়েক জন ছিল। জনপ্রতিনিধি হিসেবে ঝামেলা মেটাতে যাই। এখন বিজেপি আমার নামে বদনাম করছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্কই নেই। একটা পারিবারিক ঝামেলা।“

স্থানীয় সূত্রে খবর, দীপক অধিকারী বিজেপি কর্মী। কিছুদিন আগে বিজেপির এক কর্মসূচিতেও ছিলেন। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, ‘দীপক অধিকারী ও তাঁর ছেলেকে মারধর করা হয়। তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ লকাইয়ের নেতৃত্বে ১০-১৫ জনের দুষ্কৃতী এই কাজ করেছে। আমরা কিছু দিন আগে যুবমোর্চার তরফে ‘চাকরি চায় বাংলা’ কর্মসূচী করি। দীপক সেখানে সহযোগিতা করেছিলেন। তাই জমি সংক্রান্ত একটি বিষয়কে সামনে রেখে তাঁর ওপর হামলা করা হয়েছে। দোকান ভাঙচুর করেছে, ছেলেকে মারধর করে জলে ফেলে দিয়েছে।”

তৃণমূলের পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক বাগবুল ইসলামের কথায়, তিনি ঘটনাটির বিষয়টি জানেন না। তবে থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে তিনি শুনেছেন। তিনি বলেন, “পুলিশ প্রশাসন তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।” সিসি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। তা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আক্রান্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বলেন, “কয়েক জন বাবাকে এসে দোকান বন্ধ করতে বলে। তা শুনে আমি শুনতে যাই। এর পরেই আমার ওপরে চড়াও হয়। হাত দু’টো ধরে আমাকে পুকুরে ফেলে দিল। একটা বাঁশ ছিল। আমার মৃত্যু পর্যন্ত হতে পারত।”


Share