Assam Voter List

প্রকাশিত হল অসমের চূড়ান্ত ভোটার তালিকা, বাদ গেল ০.৯৭ শতাংশ ভোটারের নাম, নির্বাচনের পরে এসআইআর হওয়ার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

অসমে পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে ১ কোটি ২৪ লক্ষ ৮২ হাজার ২১৩। বাদ পড়েছে ৯০ হাজার ৩৭০ জনের নাম। মহিলা ভোটারের সংখ্যা রয়েছে ১ কোটি ২৪ লক্ষ ৭৫ হাজার ৫৮৩। ১ লক্ষ ৫৩ হাজার ৭৯ জনের নাম তালিকা থেকে বাদ দিয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৩

পশ্চিমবঙ্গের সঙ্গে অসমেও বিধানসভা নির্বাচন হবে। তার আগে নির্বাচন কমিশন মঙ্গলবার অসমের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। অন্য রাজ্যের মতো ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) হয়নি। সেখানে ভোটার তালিকায় বিশেষ সংশোধন হয়েছে। সেই তালিকা থেকে বাদ গিয়েছে ০.৯৭ শতাংশ ভোটারের নাম।

অসমের মুখ‍্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, চূড়ান্ত ভোটার তালিকা থেকে ২ লক্ষ ৪৩ হাজার ৪৮৫ জনের নাম বাদ গিয়েছে। খসড়া ভোটার তালিকায় ২ কোটি ৫২ লক্ষ ১ হাজার ৬২৪ জনের নাম ছিল। সেই নিরিখে ০.৯৭ শতাংশ নাম বাদ গিয়েছে। অসমে ১২৬টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সবমিলিয়ে বর্তমান তালিকায় মোট ভোটারের সংখ্যা এসে দাঁড়িয়েছে ২ কোটি ৪৯ লক্ষ ৫৮ হাজার ১৩৯ জন।

মঙ্গলবার নির্বাচন কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে অসমে পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে ১ কোটি ২৪ লক্ষ ৮২ হাজার ২১৩। বাদ পড়েছে ৯০ হাজার ৩৭০ জনের নাম। মহিলা ভোটারের সংখ্যা রয়েছে ১ কোটি ২৪ লক্ষ ৭৫ হাজার ৫৮৩। ১ লক্ষ ৫৩ হাজার ৭৯ জনের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৪৩ জন।

এর আগে, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর অসমের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। তার আগে ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাই প্রক্রিয়া চলে। নির্বাচন কমিশন জানিয়েছে, ঝাড়াই-বাছাই সেরে, আপত্তি, নিস্পতির খতিয়ে দেখেই অসমের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, বিধানসভা নির্বাচন মিটে গেলে রাজ্যে SIR করা হবে। সম্প্রতি তিনি একটি বক্তব্যে বলেন, “এখানে এনআরসি হবে। তা সঠিক পদ্ধতি মেনেই হবে। নির্বাচন কমিশনকে এখনই এসআইআর করতে অনুরোধ করেছিলাম। কিন্তু ওঁরা এসআর করেছেন। এখানে কারণ এনআরসি এখনও অপ্রকাশিত থেকে গিয়েছে। আমার এসআইআর-কে স্বাগত জানাই।”

অন্য রাজ্যগুলিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে নির্বাচনের মুখে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) করা হলেও, অসমে কেন এসআইআর করা হচ্ছে না, তা নিয়ে নিয়ে গোড়া থেকেই প্রশ্ন তুলেছে তৃণমূল। অতীতে বেআইনি অনুপ্রবেশ নিয়ে বরাবর বিতর্ক অসমে। বাংলাদেশি অনুপ্রবেশের ফলে সেই রাজ‍্যের জনবিন‍্যাসে আমুল পরিবর্তন হয়েছে, অসমের বাসিন্দারা এতে বঞ্চিত হচ্ছেন। গত কয়েক দশক ধরে সেই নিয়ে টানাপোড়েন চলছে। রক্তক্ষয়ী আন্দোলনও অসম দেখেছে।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে সংবিধানের ৬এ ধারা ১৯৮৫ সালের অসম চুক্তিকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে। তার পর থেকে অসমে পৃথক নাগরিক পঞ্জিকা, বিদেশি ট্রাইবুনাল রয়েছে। সেখানে বর্তমানে এনআরসি প্রক্রিয়া চলছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এনআরসি হচ্ছে। তার চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশিত হয়নি। আইনজীবীদের মতে, সেখানে যদি আলাদা করে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) করা হয় তাহলে আরেক সাংবিধানিক প্রক্রিয়ার সঙ্গে বিরোধ তৈরি হবে।

১২টি রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘোষণা করার সময় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, “অসমে নাগরিকত্ব নিয়ে পৃথক বিধি রয়েছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সেখানে নাগরিক পঞ্জিকা যাচাইয়ের প্রক্রিয়াও শেষ হওয়ার পথে। তাই অসমে এসআইআরের নির্দেশ কার্যকর হচ্ছে না।


Share