Allegations of Murder

মহারাষ্ট্রে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ, গ্রেফতারের দাবি মূখ্যমন্ত্রী মমতার বন্দোপাধ্যায়ের

এই ঘটনা নিয়ে মুখ‍্যমন্ত্রী লেখেন, “আমি অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সুখেনের পরিবারের উদ্দেশ্যে আমি বলছি, এই শোকার্ত সময়ে পশ্চিমবঙ্গ আপনাদের পাশে রয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সব রকম পদক্ষেপ করা হবে।”

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া
  • শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২২

মহারাষ্ট্রে পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ উঠল। নিহত পরিযায়ী শ্রমিক পুরুলিয়ার বাসিন্দা। নাম সুখেন মাহাতো। তিনি কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই মহারাষ্ট্রের পুণেতে থাকতেন। তৃণমূলের অভিযোগ, বাংলায় কথা বলার কারণেই  ওই যুবককে খুন করা হয়েছে। ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুণের ওই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘এই বর্বরোচিত হত্যাকাণ্ডে তিনি মর্মাহত, ক্ষুব্ধ এবং ব্যথিত।’

নিহত ওই যুবকের বাড়ি পুরুলিয়ার বান্দোয়ানে। কে বা কারা তাঁকে খুন করেছে, তা এখনও স্পষ্ট নয়। সুখেনের মুখে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ। তবে খুনের অভিযোগ নিয়ে মহারাষ্ট্রের পুলিশ কিছু জানায়নি। পরিবার সূত্রের খবর, পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন সুখেনই। তাঁর খুনের খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের স্থানীয় নেতৃত্ব নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দিয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল।

এই ঘটনা নিয়ে মমতা লেখেন, “আমি অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সুখেনের পরিবারের উদ্দেশ্যে আমি বলছি, এই শোকার্ত সময়ে পশ্চিমবঙ্গ আপনাদের পাশে রয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সব রকম পদক্ষেপ করা হবে।” মুখ্যমন্ত্রী আরও লেখেন, “এটি একটি ঘৃণ্য অপরাধ। এক যুবককে তাঁর ভাষা, পরিচয় এবং তাঁর শিকড়ের জন্য অত্যাচার করে হত্যা করা হল।”


Share