Weather Update

রাজ্যে ক্রমশ কমছে শীতের আমেজ, 'ভ্যালেন্টাইন ডে-তে' আবহাওয়া কেমন থাকবে তা স্পষ্ট করল হাওয়া অফিস

বিভিন্ন জেলাতে স্বাভাবিকের তুলনায় দু'ই ডিগ্রি নিচে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। পরবর্তী তিন দিনে দু'ই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫০

ক্রমশ কমছে শীতের আমেজ। ভোর ও রাতের দিকে ঠান্ডা থাকলেও বেলা বাড়লেই শীত কার্যত উধাও। তবে এরই মাঝে প্রেম দিবস বা ভ্যালেন্টাইন ডে-র আবহাওয়া কেমন থাকবে তা স্পষ্ট করল হাওয়া অফিস। সপ্তাহ শেষে সর্বনিম্ন তাপমাত্রা আরও দু'ই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে জানা যাচ্ছে। 

উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে।  দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। 

দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা। কলকাতা সহ বাকি জেলাতে খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে। এছাড়া বিভিন্ন জেলাতে স্বাভাবিকের তুলনায় দু'ই ডিগ্রি নিচে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। পরবর্তী তিন দিনে দু'ই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৬ থেকে ৮২ শতাংশ। 


Share