Traffic Congestion

ভুল পথে ঢুকে বিপত্তি! নির্মীয়মাণ মহাসড়কে ছ'ঘণ্টা আটকে ১৬ চাকার ট্রাক, সকালবেলায় যানজট ফালাকাটায়

ট্রাকটি আটকে থাকার ফলে বৃহস্পতিবার সকালে বেশ কিছক্ষণ যানজটের সৃষ্টি হয়। ট্রাকটি আটকে থাকায় দু’পাশে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে পড়ে। তবে সকাল ন'টার পর ট্রাকটি গন্তব্যের দিকে রওনা দিলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।

আটকে পড়া ট্রাক
নিজস্ব সংবাদদাতা, ফালাকাটা
  • শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ০৩:১০

অসম থেকে অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছিল ১৬ চাকার পণ্যবাহী ট্রাক। সেই ট্রাক ভুল করে ঢুকে পড়ে নির্মীয়মান সড়কের দিকে। এরপর ছ'ঘন্টা আটকে থাকল ওই পণ্যবাহী ট্রাক। বুধবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা-সলসলাবাড়ি নির্মীয়মাণ মহাসড়কে। ট্রাকটি আটকে থাকার ফলে বৃহস্পতিবার সকালে বেশ কিছক্ষণ যানজটের সৃষ্টি হয়। ট্রাকটি আটকে থাকায় দু’পাশে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে পড়ে। তবে সকাল ন'টার পর ট্রাকটি গন্তব্যের দিকে রওনা দিলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।

জানা যাচ্ছে, ১৬ চাকার ওই পণ্যবাহী ট্রাকটি অসমের গুয়াহাটি থেকে অন্ধ্রপ্রদেশের উদ্দেশে রওনা দিয়েছিল। ট্রাকটির চালক চালক ইয়াম সলবাম জানান, বুধবার রাতে মাদারিহাট এশিয়ান হাইওয়ের দিকে না গিয়ে তিনি ভুলবশত ফালাকাটার দিকে চলে আসেন। গভীর রাত তিনটে নাগাদ ফালাকাটার কাছাকাছি বালুরঘাট এলাকায় উলটো দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়েই ঘটে বিপত্তি। সেখানে বর্তমানে রাস্তার দুই পাশে ডাম্পার দিয়ে মাটি ফেলার কাজ চলায় রাস্তা অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির চাকা আলগা মাটিতে ফেঁসে যায়।

ট্রাকটি বেকায়দায় আটকে যাওয়ায় বহু চেষ্টা করেও চালক সেই ট্রাকটি সরাতে পারেননি। এদিন ভোরে ফালাকাটায় ছুটে যান তিনি। তবে প্রথমে ব্যক্তিগত কোনও আর্থমুভার না মিললেও অবশেষে সকাল সাড়ে আটটা নাগাদ জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি আর্থমুভার ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় সকাল ন'টা নাগাদ ট্রাকটিকে রাস্তা থেকে সরানো সম্ভব হয়।


Share