Nipah Virus

দীর্ঘ লড়াইয়ের পর নিপা আক্রান্ত তরুণী নার্সের মৃত্যু, সতর্কতা জোরদারের বার্তা

নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন কোমায় থাকার পর বৃহস্পতিবার বিকেলে বারাসতের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হল পূর্ব বর্ধমানের কাটোয়ার ২৫ বছরের এক নার্সের।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কাটোয়া
  • শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২২

নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষমেশ প্রাণ হারালেন ২৫ বছরের তরুণী নার্স। তিনি পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা। বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিট নাগাদ বারাসতের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

চলতি বছরের শুরুতেই রাজ্যে নিপা সংক্রমণের খবর সামনে আসে। উত্তর ২৪ পরগনায় এক ব্রাদার নার্স এবং ওই সিস্টার নার্স আক্রান্ত হন। সেই সময় স্বাস্থ্য মহলে উদ্বেগ ছড়ায়। আক্রান্ত ব্রাদার নার্স জানুয়ারির শেষ সপ্তাহেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেলেও তরুণী নার্সের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল।

চিকিৎসকদের তৎপরতায় তিনি ভেন্টিলেশন থেকে বেরিয়ে এলেও দীর্ঘ সময় কোমায় থাকায় শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অটোনোমিক নার্ভাস সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছিল না। দীর্ঘ কোমার জেরে রোগ প্রতিরোধ ক্ষমতাও ভেঙে পড়ে। পরবর্তীতে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। আর তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি মাঝে মাঝে চোখ খোলার চেষ্টা করছিলেন। হাত-পা নাড়ানো বা কথা বলারও চেষ্টা করছিলেন বলে জানা যায়। তবে হঠাৎ করেই বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। শেষপর্যন্ত বিকেলেই মৃত্যুর খবর আসে।

এই মৃত্যুর ঘটনায় ফের একবার নিপা সংক্রমণ নিয়ে সতর্কতা বাড়ানোর প্রয়োজনীয়তা সামনে এল বলে স্বাস্থ্য মহল মনে করছে । তরুণী স্বাস্থ্যকর্মীর অকালপ্রয়াণে শোকের ছায়া নেমেছে পরিবার ও সহকর্মীদের মধ্যে।


Share