Theft

রানিগঞ্জে চুরির ছক ভেস্তে দিল পুলিশ, উদ্ধার সোনা–রুপো সহ-নগদ অর্থ, গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রযুক্তির সহায়তায় বাঁকুড়ার কেঠারডাঙা এলাকা থেকে ধরা পড়ে তিন অভিযুক্ত। ধৃতদের কাছ থেকে লক্ষাধিক টাকার সোনা–রুপোর গয়না, নগদ অর্থ এবং তালা ভাঙার বিশেষ শাবলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, রানিগঞ্জ
  • শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২৫

পরিকল্পিত কায়দায় তালা ও দরজা ভেঙে একের পর এক চুরির ঘটনা। তাতেই আতঙ্ক ছড়িয়েছিল রানিগঞ্জ ও আশপাশের এলাকায়। অবশেষে প্রযুক্তির সহায়তা ও দীর্ঘ তল্লাশির রানিগঞ্জ থানা পর সেই দুষ্কৃতী চক্রকে পাকড়াও করতে সক্ষম হল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার সোনা–রুপোর গয়না সহ-নগদ অর্থ এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দলটি দুই বিশেষ ধরনের ধারালো শাবল ব্যবহার করে মজবুত তালা, লোহার দরজা এমনকি কাঠের জানলাও এই দলটি ভেঙে ফেলত। তারপরেই চালানো হত লুটপাট। ধৃত তিন অভিযুক্ত—শামীম মণ্ডল, তাজ মহম্মদ ও রফিক খান। তারা সকলেই কেঠারডাঙা এলাকার আশ্রমপাড়ার বাসিন্দা।

মঙ্গলবার গভীর রাতে রানিগঞ্জ এলাকায় ফের চুরির উদ্দেশ্যে তারা ঘোরাফেরা করছিল। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের গতিবিধি শনাক্ত করে পুলিশ। তারপরেই তাদের ধাওয়া করে শুরু করে। পুলিশের তৎপরতা টের পেয়ে দুষ্কৃতীরা অন্ডালের দিকে পালিয়ে যায়।

রাতভর তল্লাশি চালিয়ে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করা হয়। তদন্তে জানা যায়, তারা একটি মালগাড়ির মধ্যে লুকিয়ে রয়েছে। সেখানে হানা দিলেও অভিযুক্তরা তার আগেই সরে পড়ে। শেষ পর্যন্ত বাঁকুড়ার কেঠারডাঙা এলাকার আশ্রমপাড়া থেকে তিনজনকেই গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে সোনা–রুপোর গয়না, নগদ অর্থ এবং তালা ভাঙার বিশেষ শাবলসহ একাধিক সরঞ্জাম রয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


Share